দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ ছয় বছর প্লাস্টিক মোড়ানো ঝুপড়ি ঘরে মানবেতর জীবন কাটানোর পর অবশেষে নতুন ঘরে ফিরলেন সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের বিধবা শাহীদা খাতুন।
স্বামী ও ছেলেকে হারিয়ে বাকপ্রতিবন্ধী ডিভোর্সি মেয়ে এবং প্রতিবন্ধী নাতিকে নিয়ে জীবনযাপন করছিলেন তিনি। ঝড়ে ঘর ভেঙে যাওয়ার পর মাথার ওপর কেবল পলিথিনের ছাউনি দিয়ে দিন কাটছিল তাদের। বৃষ্টি আসলেই ভিজে যেতেন সবাই, নষ্ট হতো কাঁথা-বালিশ ও ঘরের সামান্য আসবাবও।
এই দুর্বিষহ জীবনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন সমাজকর্মী মামুন বিশ্বাস। তার ফেসবুক পোস্টে সাড়া দিয়ে দেশ-বিদেশের অসংখ্য মানুষ সাহায্যের হাত বাড়ান। মাত্র কয়েক দিনের মধ্যে তার হাতে পৌঁছায় ৯৯ হাজার টাকা অনুদান। সেই অর্থ দিয়ে নির্মাণ করা হয় একটি নতুন ঘর ও টয়লেট।
শুধু তাই নয়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নতুন ঘরের চাবি দেওয়ার পাশাপাশি শাহীদার হাতে তুলে দেওয়া হয় দুই বস্তা চাল, ডাল, মুরগি, তোশক, বিছানার চাদর-বালিশ ও জামাকাপড়সহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী।
নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত শাহীদা খাতুন বলেন, অনেকদিন শান্তিতে ঘুমাইনি, আজ থেকে শান্তিতে ঘুমাতে পারব। এখন অন্তত মাথা গোঁজার ঠাঁই হলো আমার প্রতিবন্ধী মেয়ে ও নাতির।
সমাজকর্মী মামুন বিশ্বাস বলেন, শাহীদা খালার কষ্ট দেখে ফেসবুকে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলাম। সবার সহযোগিতাতেই এই কাজ সম্ভব হয়েছে। আগামীতেও আমরা এমন মানবিক উদ্যোগ চালিয়ে যেতে চাই।
এ বিষয়ে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান বাচ্চু বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসার দাবিদার। সমাজের বিত্তশালী ও প্রশাসনেরও উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
/অ