দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরে ৩ বছর বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম খাদিজা খাতুন। সে জেলার মনিরামপুর উপজেলার মাছনা খানপুর এলাকার সামিয়া খাতুন ও হেলাল হোসেন দম্পতির সন্তান।
মাস ছয়েক আগে শিশুটির বাবা হেলালের সঙ্গে মা সামিয়ার বিচ্ছেদ ঘটে। শিশুটি মায়ের সঙ্গেই থেকে যায়। দুই মাস আগে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের তরফ সিংহ গ্রামের আব্দুল হালিমের ছেলে শহিদুল ইসলামের সঙ্গে শিশুটির মা সামিয়ার বিয়ে হয়। শিশু খাদিজা মায়ের সঙ্গে সৎবাবা শহিদুলের বাড়িতেই থাকতো।
বৃহস্পতিবার (১৫ মে) রাত ১২টার দিকে শিশুটির খালা হেলালকে ফোন করে জানায়, শারীরিক অসুস্থতাজনিত কারণে রাত ৮টার দিকে খাদিজা (৩) মারা গেছে। হঠাৎ অসুস্থ হয়ে শিশুটির সৎবাবা শহিদুলের বাড়িতেই মারা গেছে সে।
খবর পেয়ে শিশুটির বাবা হেলাল হোসেন যশোরে ছুটে আসেন। নতুন স্বামীর ঘরে স্বাচ্ছন্দ্যে থাকার জন্য সামিয়া (শিশুটির মা) তার মেয়েকে হত্যা করেছে বলে দাবি করেন তিনি। মেয়ের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না হেলাল হোসেন।
পরে শিশুটির বাবা হেলালের অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার (১৬ মে) দুপুরে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, শিশুটির বাবার প্রাথমিক অভিযোগের প্রেক্ষিতে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট আসার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শিশুটির শরীরে কোনো চিহ্ন না থাকায় মৃত্যুর কারণ প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে না। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
/অ