দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হওয়া তিন আসামির ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) সম্পন্ন হয়েছে। আর এতে ২ জনের পজেটিভ পাওয়া গেছে।
গাড়ি চালানোর সময় তিন আসামি মদ্যপ ছিলেন কি না, তা জানতে শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে তাদের ডোপ টেস্ট করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়। সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমীন এর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান জানান, ডোপ টেস্টে ২ জনের পজেটিভ পাওয়া গেছে। প্রাইভেট কারের চালক মুবিন আল মামুনের শরীরে গাঁজা ও অ্যালকোহল পাওয়া গেছে। আর আরোহীদের মধ্যে মিরাজুল করিমের শরীরে অ্যালকোহল পাওয়া গেছে। অপরজন আসিফ চৌধুরীর শরীরে অ্যালকোহল জাতীয় কিছুই পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, গ্রেপ্তারদের রোববার আদালতে তোলা হবে। গ্রেপ্তার তিনজনের মধ্যে রয়েছেন প্রাইভেট কারের চালক মুবিন আল মামুন (২০)। তিনি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসিন্দা এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুনের ছেলে।
গ্রেপ্তার অন্য দুজন হলেন ওই গাড়িতে থাকা মিরপুর পীরেরবাগ এলাকার রিজওয়ানুল করিমের ছেলে মিরাজুল করিম (২২) ও উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাহাউদ্দিন চৌধুরীর ছেলে আসিফ চৌধুরী (১৯)। গ্রেপ্তার তিনজনই শিক্ষার্থী।
মামলার বাদীর আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম জানান, গ্রেপ্তাররা মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে মোটরসাইকেল আরোহীদের ধাক্কা দিলে বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ ঘটনাস্থলেই নিহত হন এবং অপর দুই শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় তার বাবা সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেছেন। এই মামলায় আসামিদের ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। রোববার মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
আসামিপক্ষের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান বলেন, ব্রেক ফেল হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিনগত রাত তিনটার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৩০০ ফিট নীলা মার্কেট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থী নিহত হন। আহত হন তার আরও দুই বন্ধু।
নিহত মুহতাসিম মাসুদ (২২) বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি রাজধানীর কলাবাগান থানার গ্রিনরোড এলাকার বাসিন্দা মাসুদ মিয়ার ছেলে।
মামলায় উল্লেখ করা হয়, বৃহস্পতিবার রাত ৮টায় মুহতাসিম তার মোটরসাইকেল করে দুই বন্ধুকে নিয়ে ৩০০ ফিট নীলা মার্কেট এলাকায় খাওয়া-দাওয়া করার জন্য আসেন। তারা খাওয়া-দাওয়া শেষ করে বাড়িতে ফিরে যাচ্ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে নীলা মার্কেট মোড়ে পুলিশের তল্লাশিচৌকিতে মোটরসাইকেলটি থামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এসময় বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকার তল্লাশিচৌকিতে দাঁড়ানো মোটরসাইকেলে থাকা তিনজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুহতাসিম মাসুদ মারা যান। আহত হন তার দুই সহপাঠী।
নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই প্রাইভেটকার থেকে একটি মদের খালি বোতল ও এক ক্যান বিয়ার পাওয়া গেছে।
অ