দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে ইদ্রিস হাওলাদার ও সাগর হাওলাদার নামের দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ইদ্রিস হাওলাদার (৪০) ও সাগর হাওলাদার (২৭) উজিরপুর উপজেলার পশ্চিম সাতলা ২নং ওয়ার্ড এলাকার বাসিন্দা। এ ঘটনায় উপজেলার সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিন হাওলাদার এবং তার চাচাতো ভাই সাতলা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হাওলাদার জড়িত বলে জানা গেছে।
জানা গেছে, শনিবার (২৪ আগস্ট) রাত ১১ টা ৪৫ মিনিটের দিকে ইদ্রিস হাওলাদার ও তার ভাই সাগর হাওলাদার মোটরসাইকেল যোগে সাতলা বাজার থেকে নিজ বাড়ি যাচ্ছিলেন। তারা বড় ব্রিজের পশ্চিম ঢালে পৌঁছালে তাদেরকে রাস্তায় রশি টাঙ্গিয়ে মোটরসাইকেল থামিয়ে শাহিন হাওলাদার ও ইলিয়াস হাওলাদারের নেতৃত্বে ৭/৮ জন মিলে কুপিয়ে জখম করে।
পরবর্তীতে তাদের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন এসে প্রথমে স্থানীয় গৈলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অবস্থা গুরুতর দেখে পরবর্তীতে তাদেরকে বরিশাল নগরীর শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে শনিবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে ইদ্রিস হাওলাদার মারা যান। অন্যদিকে, সাগর হাওলাদার রোববার সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইদ্রিস হাওলাদার পেশায় সার -ফিট ও মাছের ঘের ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ মাছের ঘের নিয়ে সাতলা ইউনিয়নের চেয়ারম্যান শাহিন হাওলাদার ও তার চাচাতো ভাই ইলিয়াস হাওলাদার এর সাথে দ্বন্দ্ব ছিল তার।
শাহিন হাওলাদার এক পর্যায়ে ইদ্রিস হাওলাদারের ঘের দখল করে নেয় এবং তাকে মারধর করে। পরবর্তীতে গত চার মাস আগে শাহিন হাওলাদার ও তার চাচাতো ভাই ইলিয়াস হাওলাদারের নামে থানায় মামলা করলে তাদেরকে আটক করে পুলিশ।
নিহত ইদ্রিসের স্ত্রী রেশমা খানম অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে মাছের ঘের নিয়ে বিরোধের জের ধরে ইদ্রিস হাওলাদারের দায়ের করা মামলার আসামিরা তাকে (ইদ্রিস) হত্যার হুমকি দিয়ে আসছিলো। ধারণা করা হচ্ছে, ওই ঘটনার জের ধরেই তার স্বামী ও দেবরকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এদিকে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য কাজ শুরু করেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত দুইজনের লাশ মর্গে রয়েছে।
অ