দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরে দোকানে ঢুকে এক কর্মচারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের পুরানবাজার স্বর্ণকারপট্টি এলাকার যাদব ঘৃত ভান্ডারে এ ঘটনা ঘটে। নিহতের নাম গৌতম চন্দ্র বসু (২৮)। তিনি সদর উপজেলার পূর্বরাস্তি এলাকার হারান বসুর ছেলে। নিহত গৌতম যাদব ঘৃত ভান্ডারে শ্রমিক হিসেবে কাজ করতেন।
এদিকে এ ঘটনায় অভিযুক্ত আসামি শ্রী তপনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। তপন সদর উপজেলার ছিলারচর এলাকার শ্রী স্বনন্দের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্র জানায়, বিকেল সাড়ে ৪টা দিকে ক্রেতা সেজে যাদব ঘৃত ভান্ডারে আসেন তপন। পরে গৌতমকে লক্ষ্য করে আশেপাশে কেউ কিছু বুঝে ওঠার আগে ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এলে কৌশলে পালিয়ে যায় তপন। পরে গুরুতর আহত অবস্থায় গৌতমকে স্থানীয় ব্যবসায়ীরা উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা কর্মকর্তা অখিল সরকার বলেন, নিহতের গলায় বাম পাশ থেকে সামনে পর্যন্ত ধারালো অস্ত্রের আঘাত ছিল। হাসপাতালে আনার কয়েক মিনিট পরেই তার মৃত্যু হয়। আমরা সাধ্যমত চেষ্টা করেছিলাম রোগীকে বাঁচানোর জন্য। কিন্তু রোগীর প্রচন্ড রক্তক্ষরণ আর শ্বাসনালি কেটে যাওয়ার তাকে বাঁচানো সম্ভব হয়নি। নিহতের লাশটি ময়না তদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল বলেন, ‘দোকানে ঢুকে এক কর্মচারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তির সঙ্গে আসামির পূর্বশত্রুতা ও লেনদেন জনিত বিষয় ছিল। এ কারণে ক্ষুদ্ধ হয়ে আসামি গৌতমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।’
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ভাস্কর সাহা বলেন, ‘আসামি একাই দোকানে ঢুকে গৌতমকে কুপিয়ে হত্যা করে। পুলিশ অভিযুক্ত তপনকে আটক করেছে। এ ঘটনায় মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এফএইচ