দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ায় আলোচিত কলেজছাত্র আজহারুল ইসলাম শান্ত (২৪) হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সদরের চেলোপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে মারধরের প্রতিশোধ নিতে শান্তকে খুন করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাব্দে আসামি স্বীকার করেছে।
গ্রেপ্তার ওই আসামির নাম রাতুল (২২)। তিনি সদরের মালতিনগর দক্ষিণপাড়ার আ. হান্নানের ছেলে।
শুক্রবার বেলা ১২টার দিকে বগুড়া র্যাব কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে, শনিবার (২ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে শহরের চকফরিদ কলোনি এলাকায় অগ্রণী ব্যাংকসংলগ্ন এলাকায় খুন হন একাধিক মামলার আসামি শান্ত। নিহত শান্ত সারিয়াকান্দি উপজেলার কুপতারা সাহাপাড়া এলাকার আবুল হোসেন আলীর ছেলে। তবে তারা দীর্ঘদিন ধরে শহরের ফুলদিঘী এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। এছাড়া সৈয়দ আহম্মেদ কলেজে ডিগ্রিতে পড়াশোনার পাশাপাশি ইন্টারনেটের ব্যবসা করতো।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্ত নামের ওই যুবক হত্যার পর নিহতের মা রাবেয়া খাতুন ১১ জন নামীয় ও অজ্ঞাতনামা ৯-১০ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
এরপর র্যাবের চৌকস টিম আসামিদের গ্রেপ্তারে তৎপর হয়। সদরের বিভিন্ন এলাকায় অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মামলার এক আসামি চেলোপাড়া এলাকায় অবস্থান করছে।
তখন সেখানে র্যাবের একটি টিম অভিযান পরিচালনা করে আসামি রাতুলকে আটক করে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি রাতুল শান্ত নামের ওই যুবককে হত্যার কথা স্বীকার করেছে। তবে মারধরের প্রতিশোধ নিতেই এই হত্যা করা হয় বলে জানায় আসামি।
আসামির বরাত দিয়ে র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার রাতুল নামে ওই আসামিরা তিন ভাই। রাতুলের অপর দুই ভাইয়ের সঙ্গে নিহত শান্ত নামে যুবকের পূর্ব শত্রুতা ছিল। এরই জের ধরে আসামির ভাই ও মামাকে শান্তর লোকজন ছুরিকাঘাত করে।
একপর্যায়ে এই ঘটনার প্রতিশোধ নিতে আসামি রাতুল, তার ভাই ও অন্যান্য সহযোগিরা মিলে শান্তকে হত্যা করে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় র্যাবের এই কর্মকর্তা।
জেবি