দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সকালে বাড়ি থেকে খেলতে বের হয়ে আর ফেরেনি উম্মে হাবিবা (৭)। নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের পুকুরে রহস্যজনকভাবে পাওয়া গেছে তার মরদেহ। ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগাছায়।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে শিশু হাবিবার মৃত্যু রহস্যজনক বলে দাবি করেছেন এলাকাবাসী ও তার পরিবার।
শিশুটি উপজেলার পারুল ইউনিয়নের চালুনিয়া গ্রামের আব্দুল হাকিমের মেয়ে ও স্থানীয় মিলিনিয়াম চাইল্ড স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, শিশুটি গত শনিবার সকালে খেলার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় পার হলেও সে বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যারা খুঁজতে থাকেন। ওই দিন রাতেই পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির বাবা। গত রোববার বাড়ির পাশের ওই পুকুরে ৮-১০ জন ব্যক্তি জাল ফেলে শিশুটিকে খুঁজলেও সন্ধান পাননি। শিশুটি বাবা ও তার সৎ মায়ের কাছে থাকত।
আজ সকালে এক ব্যক্তি হাঁস তাড়াতে গিয়ে ভেসে ওঠা মরদেহ দেখে চিৎকার করলে এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে আসে।
শিশুর চাচা আব্দুল আজিজ জানান, কাল পুকুরে অনেকে মিলে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। আজ লাশ পাওয়া গেল। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এর সঠিক বিচার চান তারা।
শত্রুতা করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে শিশুটির বাবা আব্দুল হাকিম বলেন। তিনি হত্যাকারীদের ফাঁসি চান।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে কীভাবে মারা গেছে তা জানা যাবে। আমরাও পারিপার্শ্বিক সব বিষয় তদন্ত করে দেখছি।
এফএইচ