দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জের শ্রীনগরে হাসাড়া ফিলিং স্টেশনের পরিত্যক্ত তেলের ট্যাংক থেকে জুনায়েত (১২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার রাত পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় হাসাড়া এলাকায় হাসাড়া ফিলিং স্টেশনের ট্যাংকি থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জুনায়েদ স্থানীয় নয়াপাড়া এলাকার নুর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাব্বির আহমেদ নাসিমের মালিকানাধীন ফিলিং স্টেশনটি প্রায় ১ মাস ধরে বন্ধ ছিল। এটি পুনরায় চালু করার জন্য ট্যাংক পরিষ্কারের কাজ চলছিল। তবে কি কারণে এর মুখ খোলা রাখা হয়েছিল তা কেউ বলতে পারছে না। সেখানে আলমপুর এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে মো. রাহাত নামের এক ছেলে কাজ করতো। রাহাতের সাথে জুনায়েত এসে প্রায় খেলা করতো। রোববার সংশ্লিষ্টরা পাম্পে কাজ করার সময় জুনায়েতের মরদেহ ট্যাংকির ভেতরে দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে। তবে কিভাবে জুনায়েতের মরদেহ তেলের ট্যাংকিতে আসলো সে বিষয় নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে উদ্ধার কাজ করার সময় রাত ১০টার দিকে ট্যাংকিতে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে রাসেল (২২) নামে এক ফায়ার সার্ভিসের কর্মীসহ ৫ জন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশিকা কবির বলেন, এ ঘটনায় আহত ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। একজন ভর্তি রয়েছেন।
নিখোঁজ রাহাতের পিতা মোফাজ্জল হোসেন জানান, রাহাত এই ফিলিং স্টেশনে চা আনার কাজ করতো। দুপুরে বাসা থেকে খাওয়া শেষ করে এখানে আসে। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আবুল কাল আজাদ জানান, তেলের ট্যাংকিতে শিশু মরদেহের খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করি। তবে ট্যাংকিতে প্রচুর গ্যাস জমে থাকায় ব্যাহত হয় তৎপরতা। রাত ১০টার দিকে বিস্ফোরণে কয়েকজন আহত হয়। পরে আবারো চেষ্টায় শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
তবে এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফিলিং স্টেশনের কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাউয়ুম উদ্দীন চৌধুরী বলেন, জুনায়েতের মরদেহ পাওয়া গেলেও রাহাতকে এখনও পাওয়া যায়নি। মরদেহটি সেখানে গেলো কিভাবে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত সকল ব্যবস্থা করা হবে।
আরএ