দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর শিবপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ইতালি প্রবাসীসহ পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে ১ জন।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন ও মনোহরদীতে কভার্ডভ্যানের ধাক্কায় ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়।
শিবপুরে নিহতরা হলো ব্রাহ্মণবাড়িয়া এলাকার শাজাহান মেম্বারের ইতালি প্রবাসী ছেলে শাহ আলম (৬২) ও একই এলাকার শামসু উদ্দিন মিয়ার ছেলে ও নিহতের ছোট বোন জামাই সেলিম মিয়া (৪৫) এবং মনোহরদীতে নিহত সোহাগ মিয়া উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দী গ্রামের অহিদ উদ্দিনের ছেলে। সে নরসিংদী প্রেসিডেন্সি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।
ইতালি প্রবাসী শাহ আলম বার্ধক্যজনিত কারণে মারা যাওয়া তার মায়ের জানাজায় অংশ নিতে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, দীর্ঘ ১৪ বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে ইতালিতে বসবাস করছিলেন ব্রাহ্মণবাড়িয়ার শাহ আলম। বুধবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে তার মায়ের মৃত্যু হয়। খবর পেয়ে বৃহস্পতিবার দেশে ফিরে জানাজায় অংশ নিতে আসলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আনতে ছোট বোন জামাই সেলিম সকালে একটি নোয়া মাইক্রোবাস নিয়ে বিমানবন্দরে যায়। সেখান থেকে শাহআলমকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ফিরছিলেন তারা।
সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরের পুকুর পাড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ওই সময় ঘটনাস্থলে ৩ জন গুরুতর আহত হয়। পরে পুলিশ ,ফায়ারা সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়ার পথে সেলিমের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইতালি প্রবাসী শাহআলমের মৃত্যু হয়। এর আগে সকালে জেলার মনোহরদী গরুর বাজার এলাকায় কভার্ডভ্যানের ধাক্কায় সোহাগ নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। চলমান এসএসসি পরীক্ষার পরিক্ষার্থী ছোট বোনকে পরীক্ষার হলে নামিয়ে মোটরসাইকেল দিয়ে বাড়ি ফিরছিলেন সোহাগ। ফেরার পথে মনোহরদী বাসস্ট্যান্ড এলাকার গরুর বাজারের কাছে পৌঁছে তার সামনে থাকা সিএনজিকে ওভারটেক করে সড়ক পারি দিচ্ছিল সোহাগ। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে সোহাগ ঘটনাস্থলেই মারা যায়।
নরসিংদী ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক আরিফ বলেন, মহাসড়কে দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণে দুটি যানবাহন মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২ জন মারা যায়।
জেবি