দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জের ভৈরবে বিভিন্ন অনিয়মের অভিযোগে আনোয়ারা জেনারেল প্রাইভেট হাসপাতাল সিলগালা করেছেন স্বাস্থ্য বিভাগের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন এবং ভৈরব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বুলবুল আহম্মেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত হাসপাতালটি সিলগালা করেন।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জনের নেতৃত্বে একটি টিম হাসপাতালটি পরিদর্শন করে। এই সময় ওটি ব্যবস্থাপনায় অনিয়ম এবং নিয়ম বহির্ভুতভাবে অতিরিক্ত বেড ব্যবহারসহ বিভিন্ন অভিযোগে এক লাখ টাকা জরিমানা করাসহ ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালটি কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করেন। এই নির্দেশ অনুযায়ী হাসপাতালে ভর্তি রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের পর হাসপাতালটি সিলগালা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন বলেন, হাসপাতালটিতে নানা অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় হাসপাতালের ভেতরে নানা অনিয়মের সত্যতা পাওয়া যায়। তারই প্রেক্ষিতে হাসপাতালটিতে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়, যাতে হাসপাতালের ভর্তিকৃত রোগী অন্য জায়গায় সরানো যায়। আজ সেই নির্দেশনা অনুযায়ী হাসপাতালটি সিলগালা করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহম্মেদ বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ যদি পরবর্তীতে এই অনিয়ম সংশোধন করে জেলা সিভিল সার্জন সাইফুল ইসলাম তদন্ত করে সবকিছু সঠিক পাওয়া গেলে তবেই হাসপাতালটি খুলে দেওয়া হবে।
জেবি