দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হবিগঞ্জের বানিয়াচংয়ে সন্ধ্যায় গ্রেপ্তার করা করা হয় আসামিকে। কিন্তু রাতে থানার একটি কক্ষ থেকে ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে এ ঘটনাটি ঘটে। বুধবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠায় পুলিশ।
নিহত আসামির নাম গোলাম রাব্বানী। তিনি বানিয়াচং উপজেলার নন্দিপাড়া (নাগার খানা) গ্রামের মহিউদ্দিনের ছেলে।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, নিহত গোলাম রাব্বানী একটি চুরির মামলায় তদন্তাধীন আসামি। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তার করে বানিয়াচং থানায় নিয়ে আসে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানার নারী ও শিশু রুমে রাখা হয়।
রাত ১০টার দিকে পুলিশ দেখতে পায় সে পড়নের গেঞ্জি এবং কোমরের বেল্ট দিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়েছে। যেহেতু সে পুলিশ হেফাজতে আত্মহত্যা করেছে সেহেতু সঙ্গে সঙ্গে বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়।
পরে গোলাম রাব্বানীকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পলাশ রঞ্জন দে আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই তার সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
গোলাম রাব্বানীর বড়ভাই মইনউদ্দিন বলেন, পুলিশ প্রথমে আমাদের আত্মহত্যার কথা বলেনি। থানা থেকে আমাদের জানানো হয়েছে তার বুকে ব্যথা তাই হাসপাতালে নেওয়া হয়েছে। রাতে আমাদের খবর দেওয়া হয় তার মৃত্যু হয়েছে।
জেবি