দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীকে প্রতারণার মাধ্যমে দৌলতদিয়ায় এনে পতিতাবৃত্তিতে বাধ্য করার মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. তহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন গোয়ালন্দের দৌলতদিয়া পতিতালয়ের রোজি সর্দারনী ও বড়িআলী মজি ফকির। রায় ঘোষণার সময় তারা আদালতে অনুপস্থিত ছিলেন।
রায়ে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৬(২) ধারায় প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। একই আইনের ১১ ধারায় প্রত্যেককে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তবে দুই ধারার সাজা একসঙ্গে চলবে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৫ অক্টোবর গাজীপুরের জয়দেবপুরে ভুক্তভোগী নারীর সঙ্গে রোজি সর্দারনীর পরিচয় হয়। পরে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তাঁকে গোয়ালন্দের দৌলতদিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। এতে রাজি না হওয়ায় তাঁকে মারধর করে আহত করা হয়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ২০১৫ সালের ১৮ নভেম্বর গোয়ালন্দঘাট থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করেন উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলাম। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
এ ছাড়া পলাতক দুই আসামির বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।
যে আই