দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরে স্ত্রী তাহমিনা খাতুনকে হত্যার দায়ে স্বামী শহিদুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম কবির এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের রিফিউজি পাড়ার দরুদ আলীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, আগের চারটি বিয়ের কথা গোপন রেখে প্রায় ২৪ বছর আগে সাহেবপুর গ্রামের তাহমিনা খাতুনকে বিয়ে করেন শহিদুল। বিয়ের সময় তিনি নগদ ২ লাখ টাকা ও একটি গরু যৌতুক হিসেবে নেন। তাঁদের সংসারে তিনটি কন্যাসন্তান জন্ম নেয়। পরে পরকীয়ার সূত্র ধরে আনোয়ারা খাতুন নামে আরেক নারীকে বিয়ে করেন শহিদুল।
মামলার অভিযোগ অনুযায়ী, অন্য স্ত্রীদের প্ররোচনায় শহিদুল তাহমিনাকে তালাক দিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। পরে বিষয়টি মীমাংসার কথা বলে ২০১৮ সালের ১২ মার্চ তাহমিনাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। একই বছরের ১৫ মার্চ তাঁর ওপর নির্যাতন চালানো হয়। নির্যাতন সহ্য করতে না পেরে তাহমিনা পালিয়ে গেলে তাঁকে ধরে এনে আনোয়ারা খাতুনের সহযোগিতায় শ্বাসরোধে হত্যা করেন শহিদুল। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করা হয়।
এ ঘটনায় তাহমিনার ভাই আলামিন বাদী হয়ে মুজিবনগর থানায় হত্যা মামলা করেন। প্রথমে মামলাটি তদন্ত করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার পাল। পরে মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়। সিআইডির উপপরিদর্শক আনোয়ার জাহিদ তদন্ত করে ময়নাতদন্তের প্রতিবেদন সংগ্রহ করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ২ নভেম্বর শহিদুল ইসলাম ও আনোয়ারা খাতুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত শহিদুল ইসলামকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেন। তবে অপর আসামি আনোয়ারা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে খালাস দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর এ এস এম সাইদুর রাজ্জাক টোটন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুল মতিন।
এমএস/