দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে এইচ এম জসিম উদ্দিন চাঁদ নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর প্রতিষ্ঠানের ১৪টি পাসপোর্ট জব্দ করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনের ৮৭ নম্বর ঠিকানায় অবস্থিত পল্টন টাওয়ারে এ অভিযান পরিচালনা করা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়, দণ্ডপ্রাপ্ত এইচ এম জসিম উদ্দিন চাঁদ ‘চাঁদ ট্রাভেলস’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করলেও এর কোনো বৈধ নিবন্ধন বা লাইসেন্স দেখাতে পারেননি। এ ছাড়া ‘পৃথিলা ইন্টারন্যাশনাল’ নামের একটি রিক্রুটিং এজেন্সির নাম ব্যবহার করেও বিদেশগামী কর্মীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়াসহ বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলেন তিনি। অভিযানকালে ঘটনাস্থল থেকে মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট জব্দ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
অভিবাসন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রতারণা রোধে মন্ত্রণালয়ের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে তাদের বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’। নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। নিরীহ মানুষকে সর্বস্বান্ত করে অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের প্রতারণায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিদেশগামী কর্মীদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, বিদেশে যাওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি বা প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করে নিতে হবে। কোনো দালাল বা অনিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন করে প্রতারিত হওয়া যাবে না।
বিএমইটি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতারক চক্র নির্মূলে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।
এমএস/