দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষের পথে। শিরোপার লড়াই যেমন জমে উঠেছে, তেমনি উত্তেজনা ছড়িয়েছে গোল্ডেন বুটের দৌড়ও। স্পেনের কাছে সেমিফাইনালে হেরে ফ্রান্সের ফাইনালের স্বপ্ন শেষ হলেও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জয়ের সুযোগ এখনো আছে কিলিয়ান এমবাপ্পের। কারণ, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আরও একবার মাঠে নামবে ফ্রান্স।
এ মুহূর্তে গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে আছেন লিওনেল মেসি ও এমবাপ্পে। দুজনেরই গোল ৮টি করে। আর্জেন্টিনা ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলবে, ফলে মেসির সামনে গোলসংখ্যা বাড়ানোর সুযোগ রয়েছে। অন্যদিকে, এমবাপ্পে খেলবেন ১৮ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে।
মেসির অবশ্য অন্তত দুটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। সেমিফাইনালে জিতলে ফাইনাল, আর হারলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ—দুই ক্ষেত্রেই আরও একটি ম্যাচ নিশ্চিত। ফলে গোল্ডেন বুটের দৌড়ে কিছুটা এগিয়েই থাকছেন আর্জেন্টাইন অধিনায়ক।
তবে শেষ পর্যন্ত যদি দুজনের গোলসংখ্যা সমান থাকে, তাহলে কীভাবে নির্ধারণ হবে বিজয়ী?
ফিফার নিয়ম অনুযায়ী, গোল সমান হলে প্রথমে দেখা হবে অ্যাসিস্ট। এই তালিকায় এগিয়ে আছেন এমবাপ্পে। তার অ্যাসিস্ট ৩টি, যেখানে মেসির ২টি।
অ্যাসিস্টও সমান হলে বিবেচনায় আসবে মাঠে খেলার সময়। যিনি কম সময় খেলেও একই সংখ্যক গোল করেছেন, তিনিই এগিয়ে থাকবেন।
এরপরও সমতা থাকলে দেখা হবে ওপেন প্লে থেকে করা গোল। অর্থাৎ পেনাল্টি ছাড়া করা গোল। এই সূচকে এগিয়ে মেসি। কারণ, তিনি দুটি পেনাল্টি পেলেও দুটিই (অস্ট্রিয়া ও মিশরের বিপক্ষে) প্রতিপক্ষ গোলরক্ষক ঠেকিয়ে দেন। অন্যদিকে, এমবাপ্পে দুটি পেনাল্টির একটি থেকে গোল করেছেন।
গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি ও এমবাপ্পের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহাম। দুজনেরই গোল ৬টি করে। তাদের পরেই আছেন স্পেনের মিকেল ওইয়ারসাবাল ও ফ্রান্সের উসমান দেম্বেলে, দুজনেরই গোল ৫টি।
এদিকে ৭ গোল করেও আর এই দৌড়ে নেই নরওয়ের আর্লিং হালান্ড। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেওয়ায় তার গোলসংখ্যা বাড়ানোর সুযোগ শেষ হয়ে গেছে।
এমএস/