দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি বলেছেন, নকআউট পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিশ্বকাপের আসল লড়াই শুরু হচ্ছে। তাই এখন থেকে প্রতিটি ম্যাচই তাদের কাছে ফাইনালের মতো।
গ্রুপ পর্বে শতভাগ সাফল্য নিয়ে শেষ ৩২-এ জায়গা করে নেওয়া আর্জেন্টিনা আগামী শুক্রবার (৩ জুলাই) কেপ ভার্দের বিপক্ষে নকআউট পর্বের প্রথম ম্যাচ খেলবে। এই ম্যাচকে সামনে রেখে স্কালোনি বলেন, ‘এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল। বিশ্বকাপের প্রকৃত রোমাঞ্চ শুরু হচ্ছে এখান থেকেই।’
গ্রুপ পর্বে তিনটি ম্যাচই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এ সময়ে মূল খেলোয়াড়দের কাজের চাপ নিয়ন্ত্রণের পাশাপাশি বেঞ্চের ফুটবলারদেরও সুযোগ দিয়েছেন স্কালোনি। তবে তার মতে, নকআউট পর্বে সেই হিসাব আর কাজ করবে না।
তিনি মনে করেন, এখন আর ভুল শুধরে নেওয়ার সুযোগ নেই। প্রতিটি ম্যাচেই জিততে হবে, কারণ একটি পরাজয়েই শেষ হয়ে যাবে বিশ্বকাপ অভিযান। তাই কেপ ভার্দের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে আলবিসেলেস্তেরা।
পুরো টুর্নামেন্টে ক্যানসাসকে নিজেদের প্রস্তুতি ক্যাম্প হিসেবে ব্যবহার করছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনাল পেরোতে পারলেই কেবল সেমিফাইনাল ও ফাইনালের জন্য দলটি আটলান্টায় যাবে।
লিওনেল মেসির নেতৃত্বে দুর্দান্ত আত্মবিশ্বাসী আর্জেন্টিনা শিবিরে এখন সবচেয়ে বড় আলোচনা আক্রমণভাগের একাদশ নিয়ে। মেসির পাশে শুরু থেকে খেলবেন লাউতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ—এ সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। তবে সাম্প্রতিক ফর্মের কারণে লাউতারো কিছুটা এগিয়ে রয়েছেন।
এদিকে চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো। তবে কেপ ভার্দের বিপক্ষে তার খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।
স্কালোনি মনে করিয়ে দিয়েছেন, নকআউট পর্বে বড়-ছোট দলের কোনো পার্থক্য থাকে না। একটি ভুল, একটি সেট-পিস কিংবা টাইব্রেকারই পুরো ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের এগিয়ে যাওয়ার ঘটনাকে তিনি এর বড় উদাহরণ হিসেবে দেখছেন।
কাগজে-কলমে কেপ ভার্দে তুলনামূলক দুর্বল দল হলেও, এবারের বিশ্বকাপের অন্যতম চমক তারা। তাই প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ দেখছেন না আর্জেন্টিনা কোচ। তার ভাষায়, অতীতের সাফল্য নয়, নির্দিষ্ট দিনে সেরাটা খেলতে পারলেই কেবল বিশ্বকাপে এগিয়ে যাওয়া সম্ভব।
এমএস/