দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি বর্তমানে নিজ শহর সান্তা ফে প্রদেশের পুজাতোতে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। ২০২২ বিশ্বকাপজয়ী এই কোচকে এক নজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন হাজারো সমর্থক। ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভাসতে থাকা স্কালোনি এবার এক খুদে ভক্তের অনুরোধে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকার প্রতীকী ‘চুক্তিপত্রে’ সই করে উপহার দিলেন আবেগঘন এক মুহূর্ত।
ফ্রাঙ্কো ওটাভিয়ানি নামে এক খুদে সমর্থক নিজের হাতে একটি নোট তৈরি করে তাতে লিখেছিল, ‘২০৩০ বিশ্বকাপের জন্য চুক্তি’। স্কালোনির অটোগ্রাফ নিতে আসা অন্যদের মতো সেই কাগজেও কোনো দ্বিধা ছাড়াই স্বাক্ষর করেন তিনি।
এরপর ওই খুদে ভক্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়ার উদ্দেশে একটি বার্তাও দেয়। সামাজিক মাধ্যমে তার বাবার প্রকাশ করা ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এবার আপনার পালা।’ অর্থাৎ, স্কালোনিকে দীর্ঘমেয়াদে দায়িত্বে রাখার উদ্যোগ নিতে তাপিয়ার প্রতি আহ্বান জানিয়েছে সে।
এ ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে হারের পর তিনি বলেছিলেন, ‘চুক্তি থাকায় আমি ডিসেম্বর পর্যন্ত থাকব। এরপর সম্ভবত আমাকে সরে যেতে হবে।’
তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন স্কালোনিকে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক আবেগঘন ভিডিও বার্তায় এএফএ সভাপতি ক্লাউদিও তাপিয়া বলেন, ‘আমি যদি আপনাকে বলি, এখনও অনেক কিছু লেখা বাকি! কারণ ইতিহাস সবসময় আর্জেন্টিনাই লেখে। এই জার্সির ভরসা আপনার ওপর। আমরা যদি একসঙ্গে এত কিছু অর্জন করতে পারি, তাহলে সামনে আরও কত কিছু অর্জন করা সম্ভব, ভেবে দেখুন।’
আগামী সেপ্টেম্বরে ১৬ দিনের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা সর্বোচ্চ চারটি প্রীতি ম্যাচ খেলতে পারবে। এরপর নভেম্বরে আরও দুটি প্রীতি ম্যাচ দিয়ে ২০২৬ সালের আন্তর্জাতিক সূচি শেষ করবে আলবিসেলেস্তেরা।
এর মধ্যেই স্কালোনি জাতীয় দলের দায়িত্বে থাকা না থাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তিনি দায়িত্বে থাকলে নতুন চুক্তির মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়তে পারে।
২০৩০ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হবে ২০২৭ সালের সেপ্টেম্বরে। তবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতোমধ্যেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করায় বাছাইপর্বে কোনো চাপ ছাড়াই খেলতে পারবে দলটি।
এমএস/