দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

৩৯ বছর বয়সেও লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে অবাক নন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তার বিশ্বাস, যতদিন মেসি খেলতে চাইবেন, ততদিনই তিনি বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হয়ে থাকবেন।
চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন মেসি। পাঁচ ম্যাচে আট গোল করে গোল্ডেন বুটের দৌড়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের ঠিক পেছনে রয়েছেন তিনি। বিশ্বকাপে নিজের ক্যারিয়ারে মোট ২১ গোল করে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন এই আর্জেন্টাইন অধিনায়ক।
শেষ ষোলোতে মিশরের বিপক্ষে নাটকীয় ৩-২ গোলের জয়ে বড় ভূমিকা রাখেন মেসি। ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থাকার পর শেষ ১১ মিনিটে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ওই ম্যাচে একটি গোল করার পাশাপাশি ক্রিস্টিয়ান রোমেরোর গোলেও সহায়তা করেন মেসি।
সম্প্রতি পেশির চোট থেকে সেরে উঠে বিশ্বকাপে আসায় মেসির ফিটনেস নিয়ে প্রশ্ন ছিল। তবে স্কালোনি জানিয়েছেন, মেসির শারীরিক সক্ষমতা নিয়ে তার কোনো সংশয় ছিল না।
তিনি বলেন, ‘লিও প্রতি ম্যাচে কমবেশি একইভাবে দৌড়ায়। শারীরিকভাবে সে ফিটনেস কোচের সঙ্গে বিশেষ প্রস্তুতি নিয়েছে এবং সেটি কাজে দিয়েছে। তবে পরিসংখ্যানের দিক থেকে তার খুব বেশি পরিবর্তন হয়েছে বলে মনে করি না।’
স্কালোনির ভাষায়, ‘সে নিজের সবটুকু দিয়ে খেলছে। যখন সে নিজের সবটুকু দেয় এবং বুঝতে পারে যে সে বিপদ তৈরি করতে পারে, তখন সে একটি মেশিন।’
মেসি টুর্নামেন্টে আরও বেশি গোল করতে পারতেন, যদি মিশর ও অস্ট্রিয়ার বিপক্ষে দুটি পেনাল্টি মিস না করতেন। তবে পরের ম্যাচগুলোতে পেনাল্টি নেওয়ার দায়িত্ব তার কাছ থেকে কেড়ে নেওয়ার কোনো চিন্তা নেই বলে জানিয়েছেন স্কালোনি।
তিনি বলেন, ‘তাকে গিয়ে পেনাল্টি নিতে নিষেধ করার কথা আমার মাথাতেই আসবে না। আমাদের দলে পেনাল্টি নেওয়ার মতো খেলোয়াড় আছে, তবে সে চাইলে নেবে। মাঠে সে নিজের সিদ্ধান্ত নিতে পারে।’
মেসির বয়স নিয়ে যারা প্রশ্ন তুলেছিলেন, তাদেরও জবাব দিয়েছেন স্কালোনি। তিনি বলেন, যারা মেসিকে ভালোভাবে চেনেন না, তারাই ভেবেছিলেন ৩৯ বছর বয়সে তিনি আর এই পর্যায়ে খেলতে পারবেন না।
‘এটা আমাকে অবাক করে না। যতদিন সে চাইবে, ততদিন সে সেরা থাকবে। আমি শুধু কোচ হিসেবে বলছি না, আমি এটা বিশ্বাস করি,’ বলেন স্কালোনি।
কোয়ার্টার ফাইনালে কানসাস সিটিতে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্রতিপক্ষকে কঠিন দল হিসেবে উল্লেখ করে স্কালোনি বলেন, বিশ্বকাপে কোনো সহজ প্রতিপক্ষ নেই। সুইজারল্যান্ড দীর্ঘদিনের অভিজ্ঞ ও শারীরিকভাবে শক্তিশালী দল।
সুইজারল্যান্ডকে হারাতে পারলে সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে ইংল্যান্ড ও নরওয়ের মধ্যকার ম্যাচের জয়ী দল।
সূত্র: আল-জাজিরা
/অ