দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে কঙ্গো ডিআরের বিপক্ষে দুই গুরুত্বপূর্ণ ডিফেন্ডারকে পাচ্ছে না ইংল্যান্ড। রিস জেমস ও জ্যারেল কোয়ানসা ইনজুরির কারণে বুধবারের ম্যাচে মাঠে নামতে পারবেন না বলে নিশ্চিত করেছেন প্রধান কোচ টমাস টুখেল।
রিস জেমস হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। আর পানামার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে গোড়ালিতে চোট পান কোয়ানসা। ইনজুরির কারণে দুজনই কানসাস সিটিতে দলের শেষ অনুশীলনে অংশ নেননি।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে টুখেল বলেন, ‘ওরা দুজনই দ্রুত সুস্থ হয়ে উঠছে। অনুশীলন মাঠে তাদের দেখেছি। কোয়ানসা রিসের চেয়ে কিছুটা এগিয়ে আছে। তবে এই ম্যাচের স্কোয়াডে রাখার মতো অবস্থায় তারা এখনও পৌঁছায়নি। আমাদের আশা, সামনে আরও ম্যাচ খেলতে হবে এবং খুব শিগগিরই তারা দলে ফিরবে।’
একই পজিশনের দুই খেলোয়াড়কে না পাওয়া নিয়ে উদ্বিগ্ন নন ইংল্যান্ড কোচ। তিনি বলেন, ‘আমি আমার খেলোয়াড়দের ওপর পূর্ণ আস্থা রাখি। ফুটবলে চোট থাকবেই। এটা নিয়ে বেশি সময় হতাশ হয়ে থাকার কোনো মানে নেই। আমাদের বিকল্প আছে, অন্যরা দায়িত্ব নেবে। দল হিসেবেই আমরা ম্যাচ জয়ের চেষ্টা করব।’
জেমসের অনুপস্থিতিতে রাইট-ব্যাকে জেড স্পেন্সকে খেলানো হতে পারে। অন্য বিকল্প হিসেবে এজরি কনসাকে ওই পজিশনে সরিয়ে জন স্টোনসকে সেন্টার-ব্যাকে ফেরানোর কথাও ভাবছেন টুখেল।
অন্যদিকে, হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে পানামার বিপক্ষে বিশ্রামে থাকা ডেকলান রাইস এই ম্যাচে একাদশে ফিরতে পারেন।
এদিকে অ্যাকিলিসের পুরোনো সমস্যা থাকলেও শুরুর একাদশে খেলতে প্রস্তুত বলে জানিয়েছেন বুকায়ো সাকা।
সাকা বলেন, ‘আমি পুরোপুরি ভালো আছি। হ্যামস্ট্রিং নিয়ে কিছু আলোচনা হয়েছে, কিন্তু সেটা এখন কোনো সমস্যা নয়। আমি অনুশীলন করছি, খেলছি এবং নিজেকে ফিট অনুভব করছি। ঘানার বিপক্ষে ম্যাচের শেষ দিকে পায়ে আঘাত পেয়েছিলাম, সেটি ছিল দুর্ভাগ্যজনক ঘটনা। এখন আমি শক্ত ও প্রস্তুত আছি।’
তিনি আরও বলেন, ‘এটি বিশ্বকাপ। আমাদের ২৬ জনের স্কোয়াডই দারুণ মানের। কখনও যদি প্রতিপক্ষ বিবেচনায় আমাকে বিশ্রাম দেওয়া হয়, তাতেও আমার আপত্তি নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দল যেন জিততে থাকে।’
এমএস/