দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে একের পর এক রেকর্ড গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের লক্ষ্যকেই বড় করে দেখছেন ফ্রান্সের এই অধিনায়ক। শেষ ষোলো নিশ্চিত করার পর এমবাপ্পে বলেছেন, বিশ্বকাপে কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
সুইডেনকে ৩-০ গোলে হারানো ম্যাচে জোড়া গোল করেন এমবাপ্পে। চলতি বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৬-এ। সব মিলিয়ে তিনটি বিশ্বকাপ আসরে তার মোট গোল এখন ১৮, যা তাকে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে নিয়ে গেছে। লিওনেল মেসির ১৯ গোলের রেকর্ড থেকে তিনি এখন মাত্র এক গোল দূরে।
এই ম্যাচে আরও একটি রেকর্ড নিজের করে নিয়েছেন ফরাসি ফরোয়ার্ড। বিশ্বকাপের নকআউট পর্বে সর্বাধিক গোলের মালিক এখন এমবাপে। ৯টি নকআউট ম্যাচে তার গোল ৯টি। এর আগে এই রেকর্ডটি যৌথভাবে ছিল ব্রাজিলের দুই কিংবদন্তি লিওনিদাস ও রোনালদোর, যাদের দুজনেরই গোল ছিল ৮টি।
এ ছাড়া গোল্ডেন বুটের দৌড়েও লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলেছেন এমবাপে। দুজনেরই গোল এখন ৬টি।
তবে ব্যক্তিগত কীর্তি নিয়ে নয়, শেষ ষোলোর প্রতিপক্ষ প্যারাগুয়েকে নিয়েই বেশি ভাবছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ম্যাচ শেষে এমবাপে বলেন, ‘তারা এরই মধ্যে প্রমাণ করেছে, তারা জার্মানির বিপক্ষে কতটা গুরুত্ব দিয়ে খেলেছে। বিশ্বকাপে কোনো সহজ ম্যাচ নেই। আমরা সেখানে জিততে চেষ্টা করতে যাচ্ছি।’
টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলো নিশ্চিত করেছে প্যারাগুয়ে। আগামী ৫ জুলাই বাংলাদেশ সময় রাত ৩টায় ফিলাডেলফিয়ায় তাদের মুখোমুখি হবে ফ্রান্স।
এর আগে ১৯৯৮ বিশ্বকাপে শিরোপা জয়ের পথে শেষ ষোলোতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছিল ফ্রান্স।
বিশ্বকাপে এমবাপের গোল করার ধারও ঈর্ষণীয়। ১৮ ম্যাচে ১৮ গোল করে প্রতি ম্যাচে তার গোলগড় ১। বিশ্বকাপ ইতিহাসে অন্তত ১০ গোল করা ফুটবলারদের মধ্যে এটি তৃতীয় সর্বোচ্চ। তার ওপরে আছেন শুধু ফ্রান্সের জাস্ট ফন্টেইন, যিনি ৬ ম্যাচে ১৩ গোল করেছিলেন (গড় ২.১৭), এবং জার্মানির গার্ড মুলার, যার ১৩ ম্যাচে গোল ১৪টি (গড় ১.০৮)।
এমএস/