দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২২ কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে তিন খেলোয়াড়ের শট মিসে বিদায় নিতে হয়েছিল জাপানকে। সেই তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি এড়াতে এবার নতুন পরিকল্পনা সাজিয়েছেন জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু।
বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি যদি টাইব্রেকারে গড়ায়, তাহলে শট নেওয়ার দায়িত্ব আর খেলোয়াড়দের ওপর ছেড়ে দেবেন না তিনি। এবার নিজেই পেনাল্টি নেওয়ার ক্রম চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন জাপান কোচ।
হিউস্টনের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মোরিয়াসু বলেন, ‘এবার যদি ম্যাচ টাইব্রেকারে যায়, তাহলে গতবারের মতো খেলোয়াড়দের ইচ্ছার ওপর ছেড়ে দেব না। কে কখন শট নেবে, সেটি আমিই ঠিক করব।’
প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই উত্তর আমেরিকায় এসেছে জাপান। গত চার বছরে জার্মানি, স্পেন ও ইংল্যান্ডের মতো পরাশক্তিকে হারানো দলটির আত্মবিশ্বাসও বাড়িয়েছে।
এ ছাড়া গত বছরের অক্টোবরে টোকিওতে প্রীতি ম্যাচে কার্লো আনচেলত্তির ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছিল জাপান। সেই হারের প্রতিশোধ নেওয়ার তাড়না ব্রাজিলের মধ্যে থাকবে বলেও মনে করেন মোরিয়াসু।
সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ফুটবলে ধারাবাহিক সাফল্য এবং ইউরোপের শীর্ষ লিগে জাপানি ফুটবলারদের উত্থানের কারণে এবারের বিশ্বকাপে দলটিকে অন্যতম ‘ডার্ক হর্স’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। মোরিয়াসু বলেন, খেলোয়াড়রাও সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবেন।
তবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোজুড়ে বিস্তৃত টুর্নামেন্টে দীর্ঘ ভ্রমণ খেলোয়াড়দের ক্লান্ত করে তুলেছে বলেও স্বীকার করেছেন তিনি। পাশাপাশি ব্রাজিলের তুলনায় এক দিন কম বিশ্রাম পাওয়াকেও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন জাপান কোচ।
সব প্রতিকূলতার পরও আশাবাদী মোরিয়াসু বলেন, ‘আমরা বিশ্বাস করি, আমরা জিততে পারি এবং এই বিশ্বকাপেও আমাদের সেই সুযোগ আছে। অনেকেই আমাদের ডার্ক হর্স বলছেন। সেই সম্মান ও আত্মবিশ্বাস নিয়েই আমরা মাঠে নামব।’
এমএস/