দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ক্রোয়েশিয়ার কাছে ঘানার ২-১ গোলের পরাজয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে স্কটল্যান্ডের। বিদায়ের পরই জাতীয় দলের প্রধান কোচের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন স্টিভ ক্লার্ক।
শনিবার স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফএ) এক বিবৃতিতে ক্লার্কের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।
চলতি বিশ্বকাপে স্কটল্যান্ড প্রথম ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারালেও পরের দুই ম্যাচে মরক্কোর কাছে ১-০ এবং ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।
সমর্থকদের উদ্দেশে দেওয়া বিদায়ী বার্তায় ক্লার্ক বলেন, ‘এই বিদায়ের সবচেয়ে আবেগঘন দিক হলো আমার খেলোয়াড়দের ছেড়ে যাওয়া। ২০১৯ সাল থেকে আমরা অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছি। তাদের ছাড়া সেই মুহূর্তগুলো সম্ভব হতো না।’
তিনি আরও বলেন, ‘তারা যে ভালোবাসা ও প্রশংসা পাচ্ছে, তার সবটুকুই তাদের প্রাপ্য। তাদের কোচ হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সত্যিই গর্বের ছিল।’
বিদায়ী বার্তার শেষে তিনি লেখেন, ‘আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য ধন্যবাদ। আমার উত্তরসূরির জন্য শুভকামনা রইল।’
সাত বছর আগে স্কটল্যান্ড জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন স্টিভ ক্লার্ক। তার অধীনেই ১৯৯৮ সালের বিশ্বকাপের পর দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে স্কটল্যান্ড আবার বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে জায়গা করে নেয়। তার নেতৃত্বে দলটি টানা দুটি ইউরো চ্যাম্পিয়নশিপ এবং চলতি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।
তবে মূল পর্বে প্রত্যাশা পূরণ করতে পারেনি স্কটিশরা। তিনটি বড় টুর্নামেন্টে ক্লার্কের অধীনে স্কটল্যান্ডের একমাত্র জয় এসেছে এবারের বিশ্বকাপে হাইতির বিপক্ষে।
স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী ইয়ান ম্যাক্সওয়েল বলেন, ‘গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপ শেষ হওয়ায় আমরা সবাই হতাশ। তবে স্টিভের সাত বছরের দায়িত্বকালে স্কটল্যান্ড যে অসাধারণ অগ্রগতি করেছে, তা কোনোভাবেই ভুলে যাওয়া উচিত নয়।’
তিনি আরও বলেন, ‘স্কটল্যান্ডকে আবার বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে ফিরিয়ে আনার যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল, তিনি তা সফলভাবেই পালন করেছেন। বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা কেটে গেলে সমর্থকেরা নিশ্চয়ই তার অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবেন।’
এমএস/