দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুই ম্যাচ শেষে উভয় দলেরই সংগ্রহ চার পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ড্র করলেই প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে পারবে কানাডা।
বিশ্বকাপ ফুটবলে বৃহস্পতিবার ( ২৫ জুন) বাংলাদেশ সময় রাত একটায় ভ্যাঙ্কুভারে মুখোমুখি হচ্ছে স্বাগতিক কানাডা ও ইউরোপের শক্তিশালী দল সুইজারল্যান্ড।
প্রথম ম্যাচে ড্র করার পর কাতারের বিপক্ষে ৬-০ গোলের বড় জয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে কানাডা। বিশ্বকাপের মঞ্চে এটি তাদের অন্যতম স্মরণীয় জয়। তবে দলের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মাঝমাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইসমাইল কোনের গুরুতর চোট। তাকে হারানোয় কিছুটা চাপ তৈরি হলেও নাথান সালিবার ওপর আস্থা রাখছেন কোচ জেসি মার্শ।
এদিকে দলের অন্যতম তারকা আলফোনসো ডেভিসকে ঘিরে সমর্থকদের আগ্রহ থাকলেও তার চোটের অবস্থা বিবেচনায় শেষ মুহূর্ত পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় রয়েছে দলীয় ব্যবস্থাপনা। সহ-অধিনায়ক স্টিফেন ইউস্তাকিওর ফিটনেস নিয়েও রয়েছে কিছুটা অনিশ্চয়তা।
অন্যদিকে, প্রথম ম্যাচে কাতারের বিপক্ষে ড্র করার পর বসনিয়া ও হার্জেগোভিনাকে ৪-১ গোলে হারিয়ে ছন্দে ফেরার বার্তা দিয়েছে সুইজারল্যান্ড। টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকা দলটি রক্ষণভাগের দৃঢ়তা ও সংগঠিত মাঝমাঠের শক্তিকে বড় অস্ত্র হিসেবে দেখছে।
গ্রানিত জাকা, মানুয়েল আকাঞ্জি ও ব্রিল এম্বোলোর মতো অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে গড়া সুইস দলটি যেকোনো প্রতিপক্ষের জন্যই কঠিন চ্যালেঞ্জ। বিশেষ করে ম্যাচের শুরুতে রক্ষণভাগ সুশৃঙ্খল রাখার সক্ষমতা কানাডার আক্রমণভাগের জন্য বড় পরীক্ষা হয়ে উঠতে পারে।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে ২০০২ সালের এক প্রীতি ম্যাচে ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল কানাডা। তবে সময়ের ব্যবধানে সুইজারল্যান্ড এখন অনেক বেশি পরিণত ও অভিজ্ঞ দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।
ভ্যাঙ্কুভারের দর্শকপূর্ণ স্টেডিয়ামে আজকের ম্যাচে একদিকে থাকবে কানাডার ইতিহাস গড়ার স্বপ্ন, অন্যদিকে সুইজারল্যান্ডের নকআউট পর্ব নিশ্চিত করার লক্ষ্য। ফলে ম্যাচটি পরিণত হতে পারে ইতিহাস ও অভিজ্ঞতার আকর্ষণীয় এক লড়াইয়ে।
এমএম/