দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউরো বাছাইপর্বে উড়ছে পর্তুগাল। শনিবার ঘরের মাঠে বসনিয়াকে আতিথেয়তা দিয়েছিল পর্তুগিজরা। এই ম্যাচে রবের্তো মার্তিনেসের শীষ্যরা জয় পেয়েছে ৩-০ গোলের বড় ব্যবধানে। তবে দল জিতলেও খুব একটা ভুমিকা রাখতে পারেননি ক্লাব ফুটবলের ব্যস্ত-দীর্ঘ মৌসুম কাটিয়ে জাতীয় দলে ফেরা রোনালদো।
প্রথমার্ধে বের্নার্দো সিলভা দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে দুটি গোল করেন ব্রুনো ফের্নান্দেস। এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে আছে পর্তুগাল।
লিসবনে খেলার শুরুতে এলোমেলো খেলে পর্তুগাল। ম্যাচের ২০ মিনিটের মাথায় গোল খেতে বসেছিল স্বাগতিকরা। ডান দিক থেকে বসনিয়ার ডিফেন্ডার আদ্রিয়ান বারিসিচের ক্রসে লম্বা পাসে ক্রসবার ঘেঁষে জালে ঢুকতে যাওয়া বল শেষ মুহূর্তে রক্ষা করেন গোলরক্ষক দিয়েগো কস্তা।
এরপর ম্যাচের ২৪ মিনিটের মাথায় ডান দিক থেকে হেড করে জালে বল পাঠালেও পরিষ্কার অফসাইডে গোল বাতিল হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে ৪৪ মিনিটের মাথায় দারুণ এক গোলে এগিয়ে যায় পর্তুগিজরা। মাঝমাঠে রোনালদো দুজনের কড়া চ্যালেঞ্জ সামলে খুঁজে নেন ব্রুনো ফের্নান্দেসকে। আর তিনি থ্রু বল বাড়ান বের্নার্দো সিলভাকে। অফসাইডের ফাঁদ ভেঙে বক্সে ঢুকে প্রথম ছোঁয়ায় দারুণ চিপ শটে গোলরক্ষককে পরাস্ত করেন ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জয়ী মিডফিল্ডার।
বিরতির পরও টানা আক্রমণে চাপ ধরে রাখে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নরা; কিন্তু তেমন কোনো সুযোগ তৈরি করতে পারছিল না তারা।
৭৭তম মিনিটে অবশেষে দ্বিতীয় গোলের দেখা মেলে। ডান দিক থেকে রুবেন নেভেসের ক্রসে বক্সে লাফিয়ে হেডে বল ঠিকানায় পাঠান ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ফের্নান্দেস। বসনিয়ার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও প্রায় শেষ হয়ে যায়।
৮৯তম মিনিটে জোরাল শটে দিয়েগো কস্তার পরীক্ষা নেন বসনিয়ার সাইদ হামুলিচ। দারুণ নৈপুণ্যে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন কস্তা। চার মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জোরাল শটে ব্যবধান আরও বাড়ান ফের্নান্দেস। এবারের বাছাইয়ে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি পর্তুগাল। তিন ম্যাচে তারা গোল করল ১৩টি।
গ্রুপের আরেক ম্যাচে আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে স্লোভাকিয়া। আর লিখটেনস্টাইনের বিপক্ষে ২-০ গোলে জয়ী লুক্সেমবার্গ ৪ পয়েন্ট নিয়ে আছে তিনে।