দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বজুড়ে বেড়েই চলেছে জীবনযাত্রার ব্যয়। তাই ব্যয়বহুল শহরগুলোতে বসবাসের খরচ আরও বেড়েছে। সহসাই এই পরিস্থিতির উন্নতি হবারও তেমন কোনো কারণ নেই। খবর সিএনএন’র।
জীবনধারনের ব্যয়ের ভিত্তিতে প্রতিবছরই সূচক প্রকাশ করে ইকোনমিস্ট ইন্টিলিজেন্স ইউনিট (ইআইইউ)। ২০২৩ সালে ইআইইউ প্রকাশিত সূচকে দেখা গেছে, চলতি বছর জীবনযাত্রার গড়পড়তা খরচ বেড়েছে ৭.৪ শতাংশ। সবচেয়ে বেশি দাম বৃদ্ধি পেয়েছে মুদি সামগ্রীর।
এর আগের বছর অর্থাৎ ২০২২ সালে জীবনযাত্রার গড় খরচ ছিল ৮.১ শতাংশ। এ বছর সেটা কমে এলেও উল্লেখযোগ্যভাবে এখনও অনেক বেশি।
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর
জরিপে নগররাষ্ট্র সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডের জুরিখ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে উঠে এসেছে। আগের বছর তালিকার ৬ নম্বরে ছিল জুরিখ। কিন্তু মুদি, গৃহস্থালী পণ্য ও বিনোদনের ব্যয় বৃদ্ধির পাশাপাশি সুইস ফ্রাঙ্ক শক্তিশালী হওয়ায় অবস্থান বদলেছে শহরটির। পরিবহন ও পোশাক-পরিচ্ছেদের দাম সিঙ্গাপুরকে সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে তালিকায় শীর্ষে তুলেছে।
গত বছর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও সিঙ্গাপুর তালিকায় যৌথভাবে প্রথম ছিল। কিন্তু জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এই গন্তব্যস্থলে জিনিসপত্রের দাম ১.৯ শতাংশ বেড়েছে। এর ফলে সুইজারল্যান্ডের জেনেভা শহরের সঙ্গে যৌথভাবে তালিকায় তৃতীয় স্থান দখল করেছে শহরটি।
এশিয়ার অন্যতম আকর্ষণীয় শহর হংকং তালিকায় শীর্ষ ১০টির মধ্যে একটি। তালিকায় হংকংয়ের অবস্থান পঞ্চম। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহর ষষ্ঠ ও ফ্রান্সের রাজধানী প্যারিস বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় সপ্তম।
তালিকায় যৌথভাবে অষ্টম স্থান অর্জন করেছে ইসরায়েলের তেল আবিব ও ডেনমার্কের কোপেনহেগেন শহর। এই জরিপটি গত ৭ অক্টোবরে ইসরায়েল-হামাস সংঘাত শুরুর আগে করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের আরেক শহর সান ফ্রান্সিসকো তালিকায় দশম স্থান অর্জন করেছে। একমাত্র যুক্তরাষ্ট্রের তিনটি শহর সবচেয়ে ব্যয়বহুল ১০ শহরের তালিকায় স্থান করে নিয়েছে।
সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় রাশিয়ার রাজধানী মস্কো এবং ঐতিহাসিক সেন্ট পিটার্সবার্গ শহরের অবনমন হয়েছে। বিগত বছর যথাক্রমে ১০৫ ও ৭৪তম স্থান থেকে ১৪২ ও ১৪৭তম স্থানে নেমে গেছে শহর দুটি। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রুশ হামলা শুরুর পর রুবলের দরপতন হয়েছে। এতেই ব্যয়বহুল শহরের তালিকায় আগের অবস্থান ধরে রাখতে পারেনি এই দুটি শহর।
এদিকে সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় চীনের বেইজিং শহরের অবনমন হয়েছে। ২০২২ সালে তালিকায় শহরটির অবস্থান ছিল ৩৪তম। কিন্তু ২০২৩ সালের তালিকায় কয়েক ধাপ নিচে নেমে গেছে বেইজিং শহর।
অন্যদিকে বিশ্বের সবচেয়ে সস্তা বা কম ব্যয়বহুল শহরের তালিকায় সিরিয়ার রাজধানী দামেস্ক এ বছরও শীর্ষ স্থান ধরে রেখেছে। দামেস্ক ছাড়াও ইরানের রাজধানী তেহরান ও লিবিয়ার ত্রিপোলিও ব্যয়বহুল শহরের তালিকায় একেবারেই তলানিতে রয়েছে। তালিকায় শহর দুটির অবস্থান যথাক্রমে ১৭২ ও ১৭১তম।
জরিপে দেখা গেছে, ইউলিটি, গৃহকর্মী ও তামাকজাত পণ্যের দাম যুক্তরাষ্ট্রের শহরগুলোতে সর্বোচ্চ। আর পশ্চিমাঞ্চলীয় ইউরোপের শহরগুলো বিনোদন, পরিবহন ও গৃহস্থালী সামগ্রীর জন্য ব্যয়বহুল। এশিয়ার শহরগুলোতে মুদি পণ্য ও মদ সবচেয়ে দামি।
২০০টি পণ্য ও সেবার ওপর ভিত্তি করে বিশ্বের ১৭৩টি শহরে এই জরিপ চালানো হয়েছে। এই জরিপে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস শহরকে বাদ দেওয়া হয়েছে। ২০২২ সাল থেকে শহরটিতে দ্রব্যমূল্য ৪৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
২০২৩ সালে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ১০ শহর
১. জুরিখ ও সিঙ্গাপুর (যৌথভাবে)
৩. নিউইয়র্ক ও জেনেভা (যৌথভাবে)
৫. হংকং
৬. লস অ্যাঞ্জেলস
৭. প্যারিস
৮. তেল আবিব ও কোপেনহেগেন (যৌথভাবে)
১০. সান ফ্রান্সিসকো
এইউ