দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইতালিতে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে দীর্ঘ তিন বছর ধরে একটি পরিচর্যা হাসপাতালে চিকিৎসাধীন থাকা প্রবাসী বাংলাদেশি সঞ্চয় কুমার দাস অবশেষে দেশে ফিরেছেন। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি বাংলাদেশ দূতাবাস, রোম-এর দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে দূতাবাসের আন্তরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)–এর সহায়তায় তার দেশে ফেরার প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে শারীরিক অবক্ষয় ও নানা জটিলতায় ভুগছিলেন সঞ্চয় কুমার দাস। শারীরিক অবস্থার অবনতির কারণে তিনি স্বাভাবিকভাবে দেশে ফিরতে পারছিলেন না। এতে করে তিনি ও তার পরিবার চরম মানসিক ও আর্থিক সংকটে পড়েন।
গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর দ্রুত উদ্যোগ নেয় রোমের বাংলাদেশ দূতাবাস। দূতাবাস প্রয়োজনীয় কাগজপত্র, চিকিৎসা প্রতিবেদন এবং যাত্রাসংক্রান্ত সব ধরনের সমন্বয় সম্পন্ন করে। একই সঙ্গে আইওএম-এর সহায়তায় বিশেষ ব্যবস্থাপনায় একজন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টের তত্ত্বাবধানে গত ১৯ নভেম্বর সঞ্চয় কুমার দাসকে নিরাপদে বাংলাদেশে নেওয়া হয়।
এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস, রোম-এর রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক বলেন, বাংলাদেশ দূতাবাস রোম সবসময় অসুস্থ প্রবাসীদের জন্য বিশেষ সেবা দিয়ে থাকে। সংবাদটি পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সঞ্চয় কুমার দাসের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করি। তার শারীরিক অবস্থা ভালো না থাকায় সাধারণ এয়ারলাইন্সে নেওয়া সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে আইওএম-এর সহায়তায় একজন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টসহ তাকে দেশে পাঠানো সম্ভব হয়।
রোম দূতাবাসের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক বলেন, এর আগে বিষয়টি প্রচারে সার্বিক সহযোগিতা করেন শতরূপা মানবিক ফাউন্ডেশনের মহাসচিব মোজাম্মেল হোসেন মোল্লা। তিনি বলেন, এমন একটি মানবিক কাজে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। বিষয়টি গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে সঞ্চয়ের দেশে ফেরার পথ সুগম হয়েছে।
শতরূপা মানবিক ফাউন্ডেশনের মহাসচিব মোজাম্মেল হোসেন মোল্লা বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর দেশের মাটিতে ফিরে আসতে পেরে সঞ্চয় কুমার দাস ও তার পরিবার গণমাধ্যম, বাংলাদেশ দূতাবাস রোম, IOM এবং সংশ্লিষ্ট সকল সহযোগীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এবি/