দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাম্প্রতিক একটি টেলিভিশন টকশোতে ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবির বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, প্রবীণ সাংবাদিক নূরুল কবিরের বক্তব্য জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের আহত করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির নাম ব্যবহার করে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী বুদ্ধিবৃত্তিক মহল পত্রিকা অফিসে সহিংসতা চালাচ্ছে— এমন অভিযোগ সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। জামায়াতে ইসলামী কখনো সহিংস কর্মকাণ্ডে জড়িত নয় এবং ভবিষ্যতেও জড়াবে না।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতে ইসলামী নির্বাচন পেছাতে চায় বা নির্বাচন বিলম্বিত করে রাষ্ট্রক্ষমতা ভোগ করতে চায়— নূরুল কবিরের এ বক্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বরং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানই প্রথম আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার ঘোষণা দিয়েছেন।
তিনি আরও বলেন, ইসলামপ্রিয় মানুষকে ইসলাম রক্ষার নামে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান গণতান্ত্রিক শিষ্টাচারের পরিপন্থি এবং এ ধরনের বক্তব্য সমাজে বিভাজন সৃষ্টি করে।
বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামীর প্রার্থীরা ভোটের সঙ্গে বেহেশতে যাওয়ার বিষয়টি যুক্ত করে বক্তব্য দিয়েছেন— এমন অভিযোগও সত্য নয়। দলটির পক্ষ থেকে কখনো এ ধরনের মন্তব্য করা হয়নি।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই মোনাফেকি করে আসছে— এমন মন্তব্য একজন দায়িত্বশীল ও অভিজ্ঞ সাংবাদিকের জন্য শোভনীয় নয়। নূরুল কবিরের মতো একজন সম্পাদক ও সাংবাদিকের কাছ থেকে গঠনমূলক ও ইতিবাচক সমালোচনা প্রত্যাশা করে জামায়াতে ইসলামী।
এমএস/