দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে এবং বিভাজনের সুযোগ নিয়ে আধিপত্যবাদ মাথাচাড়া দেয়। আজ আমরা ঐক্যবদ্ধ না হলে শহীদ ওসমান হাদির স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব হবে না। তিনি বলেন, ‘শহীদ ওসমান হাদির রক্ত আমাদের ঐক্যবদ্ধ করুক। মহান আল্লাহ আমাদের সহায় হোন এবং আমাদের প্রিয় জন্মভূমিকে হেফাজত করুন।’
শুক্রবার ১৯ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি শহীদ শরিফ ওসমান হাদির শাহাদাতের জন্য গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ওসমান হাদি একটি আধিপত্যমুক্ত, স্বাধীন ও ইনসাফপূর্ণ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং সেই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। তিনি সহিংসতার পথে বিশ্বাসী ছিলেন না, বরং যুক্তি ও আদর্শের মাধ্যমে ইনসাফের লড়াই চালিয়েছেন।
জামায়াত আমির বিশ্বাস করেন, শহীদ ওসমান হাদির রক্ত বিফলে যাবে না এবং তার স্বপ্নের ‘ইনসাফের বাংলাদেশ’ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত থাকবে। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, হত্যার সঙ্গে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আন্দোলনকে ধৈর্য ও নিয়মতান্ত্রিক পন্থায় এগিয়ে নিয়ে যেতে হবে এবং কোনো পক্ষ তা স্যাবোটাজ করতে পারবে না।
ডা. শফিকুর রহমান উদ্বেগ প্রকাশ করে বলেন, হাদির হত্যার পর দেশে কয়েকটি দুঃখজনক ঘটনা ঘটেছে। তিনি প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও প্রবীণ সম্পাদক নুরুল কবিরের ওপর হামলা ও অপপ্রচারের তীব্র নিন্দা জানান। গণমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
এছাড়া তিনি হাইকমিশন কার্যালয়সহ কিছু কালচারাল সেন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন। ধর্ম অবমাননার ঘটনারও তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, বিচার আদালতের মাধ্যমে নিশ্চিত করতে হবে, হাতের আদালত নেওয়া গ্রহণযোগ্য নয়।
জামায়াত আমির দেশের ইসলামপন্থি সকল দল ও সংগঠনকে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী হিসেবে উল্লেখ করে, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত সক্রিয় ও জবাবদিহিমূলক হওয়ার আহ্বান জানান। তিনি বিভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।