দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামে প্রশাসনকে ‘আন্ডারে নেওয়া’ সম্পর্কিত জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এই বক্তব্য দলের নয়, বরং সম্পূর্ণ ব্যক্তিগত বলে জানিয়েছে জামায়াত।
রোববার এক প্রতিক্রিয়ায় দলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম জোনের প্রধান মুহাম্মদ শাহজাহান বলেন, ভিডিওটি তারা দেখেছেন এবং এটি একান্তই শাহজাহান চৌধুরীর নিজের বক্তব্য। দল এ বক্তব্য সমর্থন করে না। বিষয়টি তার নজরে আনা হয়েছে এবং অভ্যন্তরীণভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, প্রশাসন পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে—এটাই তাদের প্রত্যাশা। অতীতে পেশাদারিত্বের ঘাটতি দেশকে ক্ষতির মুখে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীলদের একটি সমাবেশে শাহজাহান চৌধুরী বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি জামায়াতের জন্য বড় সুযোগ, যা ভবিষ্যতে নাও আসতে পারে। তিনি দাবি করেন, পার্শ্ববর্তী দেশ থেকে ‘টাকা ও অস্ত্র ঢোকার’ মতো পরিস্থিতিও তৈরি হবে। একই সঙ্গে তিনি নির্বাচনী এলাকায় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিজেদের নিয়ন্ত্রণে আনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
বক্তৃতায় তিনি আরও বলেন, নির্বাচনী এলাকায় স্কুল-কলেজের শিক্ষক থেকে শুরু করে পুলিশ ও ইউএনও পর্যন্ত সবার ওপর প্রভাব বিস্তারের মাধ্যমে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে কাজ করাতে হবে।
শাহজাহানের এসব বক্তব্যের পর দলীয় পর্যায়ে বিষয়টি নিয়ে সমালোচনা দেখা দেয়, এবং জামায়াত স্পষ্ট জানায়—এ বক্তব্য দল সমর্থন করে না।
এমএস/