দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি—এই দুই দলকেই অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত নয়। কারণ, তারা অতীতে ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘায়িত করেছে এবং আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি সরকারকে দ্রুত টেবিলেই সম্পন্ন করতে হবে। দীর্ঘসূত্রিতা চললে নব্বইয়ের মতো কাগুজে সিদ্ধান্তে সীমাবদ্ধ থাকবে, আমরা তা হতে দেব না।’ তিনি আরও বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে সরকারের গড়িমসি প্রমাণ করে তারা জনগণের দাবিকে উপেক্ষা করছে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘কোনো দলের সিদ্ধান্তের কারণে যদি আবার আরপিও সংশোধন করা হয়, তাহলে ধরে নিতে হবে এর সঙ্গে লন্ডনের বৈঠকের যোগসূত্র আছে। আমরা এবার আর গোয়েন্দা নিয়ন্ত্রিত নির্বাচন চাই না।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আখতার হোসেন বলেন, ‘আমরা দলবাজির রাজনীতি চাই না। সাধারণ মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য রাজনীতি করতে চাই। ব্যক্তিগত কাজকে দলের সঙ্গে জড়ানো ঠিক নয়।’
তিনি আরও বলেন, ‘গুম-খুনের রাজনীতি বন্ধ করতে হবে। একজন ইমামকে গুম করা হয়েছে—এ ধরনের ঘটনা আর দেখতে চাই না। এনসিপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকারের পক্ষে কাজ করবে।’
সভায় আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা। তবে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান অতিথি হিসেবে নাম থাকলেও সভায় উপস্থিত ছিলেন না।
এমএস/