দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব জাতিগোষ্ঠীকে নিয়ে একটি ‘রেইনবো নেশন’ বা রংধনু জাতি গড়ে তুলবে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীতে গারো সম্প্রদায়ের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২২ সালে যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন, সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে—সব সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করে একটি রেইনবো নেশন গড়া হবে, যেখানে প্রত্যেকে নিজেদের অবদান রাখতে পারবে। তিনি বলেন, আগামীতে বিএনপি সরকারে এলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমস্যা গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার ঘোষিত ‘ভিশন ২০৩০’-এ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় পৃথক অধিদপ্তর গঠনের ঘোষণা ছিল। বিএনপি সরকারে এলে ঢাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পৃথক সাংস্কৃতিক একাডেমি গড়া হবে এবং গারো সম্প্রদায়ের ‘ওয়ানগালা’ উৎসব সরকারিভাবে পালনের বিষয়টি বিবেচনা করা হবে।
মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা দেন, যাতে সব জাতিগোষ্ঠী নিজেদের নাগরিক হিসেবে মর্যাদা পায়। বিএনপির দায়িত্ব হচ্ছে—এই সম্প্রদায়গুলোকে মূলধারার সঙ্গে যুক্ত করা এবং তাদের অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়ন নিশ্চিত করা।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, গারো সম্প্রদায়কে নিজেদের দুর্বল ভাবার কিছু নেই। আমরা সবাই বাংলাদেশি, আমরা আপনাদের পাশে আছি। তিনি আশ্বাস দিয়ে বলেন, সংসদে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পক্ষে তাদের দাবিগুলো তুলতে তিনি নিজেও সোচ্চার থাকবেন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জাতীয়তাবাদী ক্ষুদ্র জনগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদক, ক্রিস্টিয়ান সার্ভিস সোসাইটির পরিচালক বাপন মানকিন, বিরিশিরি কালচারাল একাডেমির পরিচালক পরাগ রিটসিল ও শুভজিট স্যানগমা নাকমা প্রমুখ।
এমএস/