দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোট গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে জোট গঠনে আলাপ-আলোচনা চলছে। শেষ পর্যন্ত এই জোট কোন অবস্থায় গিয়ে দাঁড়ায়, সেটি দেখতে আরও কিছুটা সময় লাগবে।’
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দলটির সঙ্গে আমাদের রাজনৈতিক যোগাযোগ আছে। তবে জোট গঠন হবে কি না, সেটা এখনই বলা যাচ্ছে না। রাজনীতির মাঠে কিছুই আগে থেকে নিশ্চিত করে বলা যায় না।’
জাতীয় সরকার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের প্রতিশ্রুতি আছে—যুগপৎ আন্দোলনের শরিক ও অন্যান্য গণতান্ত্রিক শক্তিকে নিয়ে জোটবদ্ধভাবে নির্বাচন ও সরকার গঠনের। সেটিই ঐক্যমতের জাতীয় সরকার হবে। সাধারণ অর্থে যে জাতীয় সরকার বলা হয়, সেটি নয়।’
আসন ছাড় প্রসঙ্গে তিনি বলেন, ‘যুগপৎ আন্দোলনের শরিক দলের সঙ্গে আলোচনা করেই মনোনয়ন চূড়ান্ত করা হবে। যারা মনোনয়ন পাবেন না, তাদেরও মূল্যায়নের সুযোগ থাকবে।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শরিক ও গণতন্ত্রপন্থি শক্তিগুলোকে সঙ্গে নিয়ে বিএনপি ৩১ দফা বাস্তবায়নে কাজ করবে। জোট ও সরকার গঠনের ক্ষেত্রেও শরিকদের যথাযথ গুরুত্ব দেওয়া হবে। প্রয়োজনে আসন ছাড়ের পরিকল্পনাও রয়েছে।’
তিনি জানান, চলতি মাসের মধ্যেই ২০০ আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত দেবে বিএনপি। প্রক্রিয়াটি এখন শেষ পর্যায়ে রয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
তারেক রহমান কোন আসন থেকে প্রার্থী হতে পারেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্যই নির্বাচনে অংশ নেবেন। তিনি নিজেই সেটি বলেছেন। কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা পরে নির্ধারণ হবে।’
খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘আমরা আশা করি, বেগম খালেদা জিয়া নিজের শারীরিক অবস্থা বিবেচনায় সিদ্ধান্ত নেবেন নির্বাচনে অংশ নেবেন কি না। আমরা চাই তিনি নির্বাচনে অংশ নিন।’
দলীয় নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘তারেক রহমান দিনরাত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, মতামত নিচ্ছেন—এটাই নেতৃত্বের বড় উদাহরণ। মনোনয়ন প্রক্রিয়াও তাঁর সঙ্গে আলোচনা করেই এগোচ্ছে।’
তিনি আরও জানান, নির্বাচনী ইশতেহারের কাজ দ্রুতগতিতে চলছে এবং তফসিল ঘোষণার পর সেটি প্রকাশ করা হবে। একক প্রার্থী থাকা আসনে ‘না ভোট’-এর ব্যবস্থাতেও বিএনপি সম্মতি দিয়েছে, যাতে কেউ প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচিত হতে না পারে।
জাতীয় পার্টি প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘জাতীয় পার্টি নিষিদ্ধ নয়। তারা নির্বাচনে অংশ নেবে কি না, সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। আওয়ামী লীগ ছাড়া না গেলে সেটিও তাদের স্বাধীনতা।’
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের স্ট্যাটাসে জামায়াত ইস্যুতে যে আলোচনা তৈরি হয়েছে, সে প্রসঙ্গে তিনি বলেন, ‘এগুলো রাজনৈতিক চর্চা। মতামতের বিনিময় ও বিতর্ক রাজনীতিরই অংশ।’