দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শর্তসাপেক্ষে রাজধানীতে আজ (বুধবার) সমাবেশ করবে দেশের দুই বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। দুই দলের এই পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (১২ জুলাই) বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর (দক্ষিণ-উত্তর) আওয়ামী লীগ। দলটিকে মানতে হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দেওয়া ২৩ শর্ত ।
দলীয় সূত্রে জানা গেছে আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বিএনপির এক দফা আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া জানাবেন। বিএনপির এক দফা ঘোষণার প্রেক্ষাপটে আজকের শান্তি সমাবেশকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন ক্ষমতাসীন দলের নেতারা। সমাবেশে সর্বোচ্চসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতিও নেওয়া হয়েছে।
এদিকে একই দিন ২ টা থেকে বিকেল ৫টার মধ্যে সমাবেশ করবে বিএনপি। এই সমাবেশকে উপলক্ষ্য করে রাজধানীতে বড় ধরনের শো-ডাউন করে নিজেদের শক্তির জানান দিতে চায় বিএনপি। এজন্য গত কয়েকদিন দফায়-দফায় মিটিং করেছেন বিএনপির ঢাকা মহানগরীর নেতারা। সমাবেশে রাজধানীবাসীকে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে টানা কয়েকদিন পাড়া-মহল্লায় মাইকিংও করা হয়েছে।
বিএনপি নেতারা বলছেন, সমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটানোর টার্গেট রয়েছে দলের, সেই লক্ষ্যের কথা ঢাকা ও সারা দেশের নেতাকর্মীদের জানানো হয়েছে। ইতোমধ্যে রাজধানীর আশপাশের জেলাগুলোকে নেতাকর্মীদের নিয়ে সমাবেশে যোগ দিতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ১২ জুলাইয়ে পর চলমান আন্দোলন আরও উচ্চতর গতিতে, বেশি তীব্রতরভাবে এগিয়ে যাবে। পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে আন্দোলন সফলতার দিকে এগিয়ে নিয়ে যাব। সে লক্ষ্যে আমরা এটি যৌথ ঘোষণা দেব। যুগপৎ আন্দোলনের সঙ্গীরা একই সময়ে একই ঘোষণা দেবে যার-যার অবস্থান থেকে।