দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একদফা দাবিতে টানা কর্মসূচিতে যাচ্ছে বিএনপি। আগামী ৩ অক্টোবর পর্যন্ত ১৯ বৃহত্তর জেলায় রোডমার্চ ও সমাবেশ করবে দলটি। জেলার সংখ্যা আরও বাড়তেও পারে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করার কথা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
নেতারা জানান, ৩ অক্টোবরের পর আবারও টানা কর্মসূচি দেওয়া হবে, যা হবে সরকার পতনের দাবিতে চূড়ান্ত আন্দোলনের শেষ ধাপ। এ কর্মসূচির মাধ্যমেই আন্দোলনের ফসল ঘরে তুলতে চান তারা। তা হরতাল বা অবরোধের মতো কর্মসূচি হবে। সেভাবেই প্রস্তুতি নিতে সব সাংগঠনিক জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বার্তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে স্থায়ী কমিটির রুদ্ধদ্বার এক বৈঠকে ঢাকাসহ বৃহত্তর ১৯ জেলায় রোডমার্চ ও সমাবেশ করার প্রস্তাব করেছিলেন নেতারা, যা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠানো হয়। তিনি বুধবার রাতে তা চূড়ান্ত— করেন। তবে ১৯ জেলায় কর্মসূচি পালনের প্রস্তাব করা হলেও জেলার সংখ্যা বেশিও হতে পারে। এর মাধ্যমে সারা দেশকে অন্তর্ভুক্ত করতে চায় দলটি।
সিনিয়র নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সোমবার রাতে স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায়ও নতুন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির কয়েক সদস্য।
বৈঠক সূত্রে জানা যায়, বিএনপির নতুন কর্মসূচির মধ্যে একটি হচ্ছে বৃহত্তর ১৯ জেলায় রোডমার্চ অর্থাৎ কয়েকটি জেলার মধ্যে রোডমার্চ। এই রোডমার্চ হবে এক জেলা থেকে আরেক জেলা পর্যন্ত। আরেকটি হচ্ছে কয়েকটি জেলা সমন্বয়ে একটি জেলায় সমাবেশ করা। একই সঙ্গে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে দুটি ‘তারুণ্যের রোডমার্চ’ করার ঘোষণা দিয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) রংপুরে ও রোববার রাজশাহী বিভাগে রোডমার্চ করবে তারা। এ ছাড়াও চলতি মাসের শেষের দিকে ঢাকায় ছাত্র, যুব, শ্রমিক ও পেশাজীবীদের পৃথক সমাবেশ করার বিষয়ে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা রাজনৈতিক দল ও জোটের পক্ষ থেকে বিএনপিকে প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।
এফএইচ