দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সন্ত্রাসী-বখাটেরাই ছাত্রলীগ-যুবলীগ করে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপির তারুণ্যের সমাবেশে যত তরুণ দেখেছি, আমার মনে হয় বাংলাদেশে আর কোনো তরুণ ছাত্রলীগ-যুবলীগ করে না।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, হয় সন্ত্রাসী, না হয় বখাটে- এরাই ছাত্রলীগ-যুবলীগ করে। আর সব শানিত চেতনার তরুণরা জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদল, স্বেচ্ছাসেবক দল করে- এটা আমাদের বিশ্বাস।
রুহুল কবির রিজভী বলেন, পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে বলেছেন বাংলাদেশে বেগম খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে। কোনো প্রিজনারকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ নেই। কিন্তু কারাবন্দি অবস্থায় বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার সুযোগ বাংলাদেশসহ বিশ্বে অজস্র নজির আছে। বর্তমান প্রধানমন্ত্রীও কারাবন্দি থাকা অবস্থায় বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছেন।
তিনি বলেন, চিকিৎসকরা তো প্রতিদিনই বলছেন বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। তার চোখে সমস্যা, লিভারে সমস্যা, হার্টে সমস্যা, ডায়াবেটিস, কিডনির সমস্যা। সরকারের নিপীড়ন, নির্যাতনের কারণেই বেগম খালেদা জিয়ার ওপর এতগুলো অসুখ আক্রমণ করেছে। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গোটা জাতি উদ্বেগ-উৎকণ্ঠায়। খালেদা জিয়ার কেন উন্নত চিকিৎসা হবে না পররাষ্ট্রমন্ত্রী।
সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, পররাষ্ট্রমন্ত্রী আপনি তো শুধু চাকরি রক্ষার জন্য শেখ হাসিনার মনমতো কথা বলেন। কোনো মানবিকতা, মানবতা আপনার মধ্যে নেই।
আরএ