দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে তার পরিবার। বিএনপির চেয়ারপারসন বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এক চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ আবেদন করেন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার।
বিএনপি সূত্রে জানা গেছে, দুদিন আগে খালেদা জিয়ার জীবন রক্ষার্থে জরুরি ভিত্তিতে তাকে বিদেশে অ্যাডভান্স সেন্টারে চিকিৎসার সুযোগ দিতে সরকারের কাছে চিঠি দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো উত্তর দেওয়া হয়নি।
সরকারের একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়া ভাই শামীম ইস্কান্দারের দেওয়া চিঠিতে বলা হয়, বেগম জিয়ার জীবন রক্ষার্থে ও তার শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনার জন্য জরুরি ভিত্তিতে উন্নতমানের ফিজিওথেরাপিসহ বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে দেশের বাইরে অ্যাডভান্স মেডিকেল সেন্টারে চিকিৎসা গ্রহণ করা জরুরি। তাই সব শর্ত শিথিল করে তাকে স্থায়ীভাবে মুক্তি ও বিদেশে পাঠানোর অনুমতি দিতে সরকার কাছে আবেদন জানানো হয়।
এদিকে চিঠির বিষয়ে জানতে খালেদা জিয়া ভাই শামীম ইস্কান্দারকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কোনো উন্নতি হয়নি বলে জানা গেছে। আগের মতো তাকে হাসপাতালে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। রাত পৌনে ১২টার দিকে তিনি হাসপাতালে থেকে বেরিয়ে যান।
খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে চাইলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, তার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন নেই। আগের মতো আছেন। যার কারণে চিকিৎসকরা উদ্বিগ্ন। যার কারণে চিকিৎসকরা বারবার তাকে বিদেশে অ্যাডভান্স সেন্টারে চিকিৎসা দেওয়ার কথা বলছেন।
মেডিকেল বোর্ডের চিকিৎসকরা একাধিকবার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন- খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদ্রোগে ভুগছেন। তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণের পাশাপাশি তিনি লিভার সিরোসিসে আক্রান্ত। এছাড়া গত বছরের জুনে খালেদা জিয়ার অ্যানজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। তার একটিতে রিং পরানো হয়।
আরএ