দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকার সরকার পতনের এক দফা আন্দোলন ভিন্ন খাতে নিতে ড. ইউনূস ইস্যু সামনে আনা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ড. ইউনূস ব্যক্তিগত প্রতিহিংসার শিকার।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানী দুটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ড. মুহাম্মদ ইউনূসের ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বিএনপির নির্দলীয় সরকারের দাবি থেকে জনগণের দৃষ্টি সরাতে ড. ইউনূসের বিষয়টি পরিকল্পিতভাবে সামনে এনেছে সরকার, এতে সফলও হয়েছে। আজ কথা বলার কোনো সুযোগ নেই। ডেপুটি অ্যাটর্নি জেনারেলকেও শাস্তির মুখে পড়তে হয়।
ডেঙ্গু নিয়ন্ত্রণ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রের পদত্যাগ করা উচিত।
আওয়ামী লীগের মূল লক্ষ্য দুর্নীতি মন্তব্য করে তিনি বলেন, সারাদেশে যখন ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করে, তখন স্বাস্থ্যমন্ত্রীসহ মেয়ররা বিদেশ ভ্রমণ করেছেন। আসলে তাদের লক্ষ্যই থাকে কীভাবে দুর্নীতি করা যায়।
ফখরুল বলেন, সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সারাদেশে বাড়ছে ডেঙ্গু রোগী ও মৃতের সংখ্যা। ইতোমধ্যে দেশের ইতিহাসে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। অথচ, কলকাতায় এত ঘনবসতি হওয়ার পরও তারা ডেঙ্গু নিয়ন্ত্রণ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন এবং বিএনপি নেতা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের গত নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
আরএ