দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আজ (শুক্রবার) রাজধানীতে কালো পতাকা গণমিছিল কর্মসূচি পালন করবে বিএনপি। এ কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পৃথকভাবে কর্মসূচি পালিত হবে।
একই দাবিতে কালো পতাকা মিছিল করবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা রাজনৈতিক দল ও জোট।
বিকেল ৩টায় রাজধানীর শ্যামলী লিঙ্ক রোড থেকে বছিলা চৌরাস্তা ও নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে নারিন্দা পর্যন্ত কালো পতাকা মিছিল হবে। এতে বিএনপির শীর্ষ নেতারা অংশ নেবেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সদস্য সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে– তাদের মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে আরামবাগ-মতিঝিল-শাপলা চত্বর-ইত্তেফাক মোড়-রাজধানী মার্কেট মোড় হয়ে নারিন্দা গিয়ে শেষ হবে। প্রধান অতিথি হিসেবে এতে যোগ দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
অন্যদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সদস্য এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, তাদের মিছিলটি শ্যামলী স্কয়ারে শুরু হয়ে রিং রোড-শিয়া মসজিদ মোড়-তাজমহল রোড-নূরজাহান রোড-মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বছিলা চৌরাস্তায় গিয়ে শেষ হবে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সমমনা দল ও জোট
একদফা দাবিতে রাজধানীতে বিকাল ৪টায় গণতন্ত্রমঞ্চের উদ্যোগে গণমিছিল শাহবাগ মোড় থেকে শুরু করে এলিফ্যান্ট রোড হয়ে নিউমার্কেটে গিয়ে শেষ হবে। বেলা ৩টায় বিজয়নগর থেকে মিছিল শুরু করবে ১২ দলীয় জোট।
একই সময়ে পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করবে জাতীয়তাবাদী সমমনা জোট, কাওরান বাজার এফডিসিসংলগ্ন কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। এছাড়াও কালো পতাকা মিছিল করবে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (দুই অংশ), গণফোরাম ও পিপলস পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), লেবার পার্টিসহ সমমনা রাজনৈতিক দলগুলো। একদফা দাবির প্রতি সমর্থন জানিয়ে এদিন প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ করবে আমার বাংলাদেশ পার্টিও (এবি পার্টি)।
এফএইচ