দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। এতে দলের বর্তমান মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেতে যাচ্ছেন। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে পুনর্গঠিত কমিটি ও নেতাদের দায়িত্ব বণ্টনের ঘোষণা আসতে পারে।
দলীয় সূত্র জানায়, এনসিপির কেন্দ্রীয় কমিটিতে মুখ্য সমন্বয়ক, মুখপাত্র, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদগুলো বিলুপ্ত করার সিদ্ধান্ত হয়েছে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ঢাকা পোস্টকে বলেন, দলের বেশ কয়েকটি পদ পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়কের দুটি এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দুটি পদ সৃষ্টি করা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি উপকমিটির প্রধান ঘোষণা করা হবে।
সূত্রের তথ্য অনুযায়ী, পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেলে সারজিস আলম সাংগঠনিক বিষয়গুলো দেখভাল করবেন। আরিফুল ইসলাম আদীব ও আলী আহসান জুনায়েদ সহপ্রধান হিসেবে কাজ করবেন।
এদিকে, আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এতে দলের শীর্ষ নেতারাও অংশ নেবেন বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ সারা দেশের পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করবেন এনসিপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। দলের শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী আসনের পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
গত রোববার অনুষ্ঠিত সভায় জানানো হয়েছিল, এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের কাজ চূড়ান্ত হয়েছে। ১৩ অক্টোবরের মধ্যে পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হবে।
সভায় এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, আবদুল্লাহ আল আমিন ও নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন। এ ছাড়া দলের শীর্ষ পর্যায়ের নেতা সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ ও সালেহউদ্দিন সিফাত সভায় অংশ নেন।
এমএম/