দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজনৈতিক সহিংসতা ও দেশের সার্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা পদত্যাগ করেছেন। মো. জাহাঙ্গীর আলম অজয় ছেংগারচর পৌর শাখার আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে নিজের ফেসবুক পোস্টে পদত্যাগের বিষয়টি জানান জাহাঙ্গীর আলম অজয়। তবে দলের কাছে দেওয়া পদত্যাগপত্রে তিনি পারিবারিক কারণের কথা উল্লেখ করেছেন।

পদত্যাগপত্র সংযুক্ত করে দেওয়া ফেসবুক পোস্টে জাহাঙ্গীর আলম অজয় লেখেন, ‘সুন্দর একটা দেশ, জাতি বিনির্মাণে কাজ করার ইচ্ছা ছিল। কিন্তু আমাদের দেশের সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক সহিংসতায় কোনোভাবেই একজন ভালো মানুষ রাজনীতি করতে পারবে না।’
তিনি আরও লেখেন, ‘এই প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্ম আমার রাজনীতির জন্য খেসারত দিতে হবে। আমার ওপর অর্পিত এনসিপির ছেংগারচর পৌর শাখার আহবায়ক পদ থেকে পদত্যাগ করলাম।’
ফেসবুক পোস্টের শেষে ‘ইনকিলাব জিন্দাবাদ’ লিখে বক্তব্য শেষ করেন জাহাঙ্গীর আলম অজয়।
তবে দলের কাছে দেওয়া পদত্যাগপত্রে তিনি লিখেছেন, কিছু অনিবার্য পারিবারিক কারণে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তিনি বলেন, ‘দলের প্রতি আমার আন্তরিকতা, শ্রদ্ধা ও ভালোবাসা পূর্বের মতোই অটুট রয়েছে। তবে বর্তমান পারিবারিক পরিস্থিতির কারণে দায়িত্ব পালনে কোনো ধরনের ব্যাঘাত বা সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি হোক, তা আমি চাই না।’
পদত্যাগপত্রে তিনি আরও লেখেন, ‘এ কারণে দলের বৃহত্তর স্বার্থ ও সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বিবেচনা করে আমি স্বেচ্ছায় ছেংগারচর পৌর শাখার আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। অতএব, অনুগ্রহপূর্বক আমার পদত্যাগপত্রটি গ্রহণ করে আমাকে ছেংগারচর পৌর শাখার আহ্বায়ক পদ থেকে অব্যাহতি প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।’