দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আরও একবার ক্ষমতায় থাকার জন্য দেশে-দেশে ঘুরে বেড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, শুধু তাই নয়, দলের অন্য নেতাদের দেশে-দেশে পাঠাচ্ছেন। কিন্তু এবার আর কোনো লবিংয়ে কাজ হবে না।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২০১৪ ও ১৮ সালের নির্বাচনের মতো বেহায়াপনা নির্বাচন আর এদেশের মানুষ হতে দেবে না। আগের দুইবারের মতো সাজানো-গোছানো নির্বাচন করে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। পশ্চিমা দেশগুলো আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অতি সম্প্রতি ভারত যেভাবে কথা বলছে তাতে মনে হচ্ছে তারাও আপনার সঙ্গে নেই।
শামসুজ্জামান দুদু বলেন, একটি মিথ্যা মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। তিনি অসুস্থ। ডাক্তার বলেছে বাংলাদেশের তার আর চিকিৎসা নাই। তারপরও তাকে এই সরকার বিদেশে চিকিৎসার জন্য যেতে দিচ্ছে না। কয়েকজন এমপি ও মন্ত্রী, যারা দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত, তারাও বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছে। কিন্তু খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিচ্ছে না।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, দেশের জনগণ, পেশাজীবী, রাজনীতিবিদরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে- আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। এটা যদি আপনি বুঝতে সক্ষম না হন তাহলে বিদায়টা খুব ভালোভাবে হবে, এটা এখন আমরা বলতে পারব না।
বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার অধীনে বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না। শেখ হাসিনা যে ওয়াদা করেছিলেন দশ টাকা কেজি চাল খাওয়াবেন। কৃষকের ঘরে-ঘরে সার পৌঁছে দেবেন সেটা দিতে পারেন নাই। ঘরে-ঘরে চাকরি দেওয়ার কথা বলেছিলেন কিন্তু শিক্ষিত বেকার যুবক চাকরি না পেয়ে অনেকে আত্মহত্যা করছে। একটা কঠিন সময় পার করছে দেশ।
আরএ