দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি বছরেই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে পে-স্কেল নিয়ে আরও আলোচনা প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে পে কমিশন নিয়ে বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পে কমিশনের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘পে-কমিশনের অনেকগুলো দিক আছে। সবগুলো বিবেচনা করা হচ্ছে। আজ এ নিয়ে আলোচনা হয়েছে। তবে আরও আলোচনা প্রয়োজন। পরে আবার বৈঠক হবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বছরের মধ্যেই নতুন পে-স্কেল হবে।’ তবে পে-স্কেল বাস্তবায়নের পর মূল্যস্ফীতি মোকাবিলায় সরকার কী পদ্ধতি অনুসরণ করবে, সে বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্তের পর জানানো হবে বলে জানান তিনি।
এদিকে একই অনুষ্ঠানে সরকারের ১৮০ দিনের কার্যক্রম ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সরকার সক্ষম হয়েছে। তবে জনপ্রত্যাশা অনুযায়ী আরও উন্নতি করতে সময় লাগবে।
তিনি বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যে অনেক সংস্কারকাজ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে। সরকারের ১৮০ দিনের মধ্যে বাস্তবায়িত ও শুরু করা কর্মসূচিগুলো প্রশংসিত হয়েছে বলে তিনি আশা করেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দু-একটি সংকটময় পরিস্থিতিও সরকার সফলভাবে মোকাবিলা করেছে বলে মন্তব্য করেন তিনি।
দেশের জ্বালানি নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পনা নেওয়া হচ্ছে। জ্বালানি ও বিদ্যুৎ সংকট এড়াতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যাপক বিনিয়োগ আহ্বান করা হচ্ছে। পাশাপাশি অভ্যন্তরীণ বিনিয়োগও করা হবে।
তিনি জানান, মাতারবাড়ীতে ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী। মহেশখালীতে আরেকটি এফএসআরইউ স্থাপনের জন্য জায়গা নির্ধারণে জরিপ চলছে। জিটুজি ভিত্তিতে দুটি এফএসআরইউ নির্মাণের সিদ্ধান্তও হয়েছে।
বর্তমানে সামিট ও এক্সিলারেট এনার্জির এফএসআরইউ রয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, এসব স্থাপনায় যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো সমস্যা হলে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটে। সরকার এমন সমস্যার মুখোমুখি হয়েছে বলেও জানান তিনি।
দেশের গ্যাস খাতে আমদানি-নির্ভরতা কমানোর বিষয়ে তিনি বলেন, বিগত সরকারের সময়ে গ্যাসের ক্ষেত্রে আমদানি-নির্ভরতা তৈরি হয়েছিল। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে দেশের অভ্যন্তরে গ্যাস অনুসন্ধান শুরু হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে দেশীয় সম্পদ দিয়ে গ্যাসের সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নেওয়া পরিকল্পনা প্রায় বাস্তবায়ন করা হয়েছে।
জাতিসংঘের একটি প্রতিবেদন নিয়ে প্রশ্ন করা হলে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি প্রতিবেদনটি এখনো পড়েননি। সেখানে কিছু পর্যবেক্ষণ দেওয়া হতে পারে বলে শুনেছেন। প্রতিবেদনটি না দেখে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।
তিনি বলেন, প্রতিবেদনে যেসব বিষয় অনুমান করা হয়েছে বলে বলা হচ্ছে, অনুমাননির্ভর কোনো প্রতিবেদনের ভিত্তিতে সরকার পদক্ষেপ নিতে পারে না। প্রতিবেদনটি না দেখে এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব নয়।