দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ভয়াবহ আকার ধারণ করেছে। গত সেপ্টেম্বর পর্যন্ত তফসিলি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা, যা ওই সময়ে ব্যাংকগুলোতে বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। গত পাঁচ বছরের তুলনামূলক চিত্রে দেখা যায়, ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানান।
সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা, যা ওই সময়ে বিতরণ করা মোট ঋণের বিপরীতে ৭ দশমিক ৬৪ শতাংশ। পরের বছর ২০২৩ সালে এ হার বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৩৯ শতাংশে। ২০২৪ সালে তা পৌঁছায় ১৭ দশমিক ৮৩ শতাংশে। গত বছর ২০২৫ সালে ব্যাংকগুলোর দেওয়া ঋণের বিপরীতে খেলাপি ঋণের হার ছিল ২৯ দশমিক ৯২ শতাংশ।
আর চলতি ২০২৬ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি ১৭ লাখ টাকা; এর মধ্যে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ।
খেলাপি ঋণ আদায়ে কর্মপরিকল্পনা বিষয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, বড় খেলাপিদের কাছ থেকে ঋণ আদায় এবং ভবিষ্যতে ঋণ জালিয়াতি রোধে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
এমজে