দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের। নভেম্বর মাসের বেতন আগের স্কেলেই পাবেন তারা। তবে পৃথক গেজেট জারি হলে ডিসেম্বর মাস থেকে নতুন পে-স্কেলে বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে পৃথক গেজেট বা আদেশ জারি করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়েছে। তবে এখনো সেই গেজেট জারি হয়নি। ফলে নভেম্বর মাসের বেতন আগের স্কেলেই সাবমিট করতে হবে।
মাউশি সূত্রের দাবি, পৃথক গেজেট জারি হলে ডিসেম্বর মাস থেকে নতুন পে-স্কেল অনুযায়ী বেতন পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। এ ক্ষেত্রে অর্থ বিভাগের নির্দেশনায় পে-ফিক্সেশনসহ বেতন-ভাতা নির্ধারণের অন্যান্য বিষয় উল্লেখ থাকবে। ডিসেম্বর মাসের বেতন বিল নতুন পে-স্কেল অনুযায়ী সাবমিট করার নির্দেশনাও আসতে পারে।
এ বিষয়ে মাউশির একজন পরিচালক (অর্থ ও ক্রয়) গণমাধ্যমকে জানান, এমপিওভুক্ত জনবলের পে-স্কেলের পৃথক গেজেট জারি না হওয়ায় চলতি মাসে (নভেম্বর) পুরোনো স্কেলেই বেতন বিল সাবমিট করতে হবে। গেজেট জারির পর বেতন-ভাতা ও অন্যান্য বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।
এদিকে বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল অনুযায়ী বেতন দিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। তবে এ খবরকে গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
বিভাগটি জানায়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি টাকা প্রয়োজনের হিসাবসহ একটি চিঠি পাওয়া গেছে। তবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের জন্য অতিরিক্ত কত অর্থ প্রয়োজন, সেই হিসাব এখনো পাওয়া যায়নি।
কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে হিসাব বিবরণী পাওয়ার পর অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হবে। এ চিঠি পাঠানোর দায়িত্বে রয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের রাজস্ব ও উন্নয়ন বাজেট শাখা।
এ বিষয়ে শাখাটির উপসচিব মোহাম্মদ মাহমুদুল হক বলেন, মাদ্রাসা শিক্ষকদের নতুন পে-স্কেল বাস্তবায়নে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে এখনো অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়নি। বিষয়টি নিয়ে কাজ চলছে।
মাদ্রাসা ও কারিগরি শিক্ষার জন্য পৃথক চিঠি পাঠানো হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, দুই অধিদপ্তরের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে একটি চিঠি পাঠানো হবে। তবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের হিসাব এখনো পাওয়া যায়নি।
এমজে