দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজনীতিবিদদের সদিচ্ছা ও সততা না থাকলে সমাজে পচন ধরে যায়—এ মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তাঁর মতে, রাজনীতিবিদরা ঠিক থাকলে দুর্নীতি কমে, সমাজও সঠিক পথে এগোয়।
মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে দুদক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন বিআইডিএস মহাপরিচালক ড. এ কে এনামুল হক।
অর্থ উপদেষ্টা বলেন, যেকোনো ক্ষেত্রেই স্বচ্ছতা ও জবাবদিহিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কে কী কাজ করছে এবং কেন করছে—এ বিষয়ে স্পষ্ট জবাবদিহিতা থাকা দরকার।
তিনি আরও বলেন, শুধু আইনি শাস্তি নয়, সামাজিকভাবে দুর্নীতিবাজদের প্রতিরোধ করতে পারলেই দুর্নীতি কমে আসবে। একসময় দুর্নীতিবাজদের সমাজ এড়িয়ে চলত, অবজ্ঞা করত। কিন্তু এখন অর্থ থাকলেই অনেকে তাদের বাড়তি সম্মান দেখায়—এ প্রবণতা বদলাতে হবে।
শুধু সাজা দিয়ে দুর্নীতির ক্ষতি পূরণ সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, হাজার হাজার কোটি টাকা লোপাটকারীদের সারাজীবন জেলেও রাখলে দেশের ক্ষতি পুষিয়ে যায় না।
ড. সালেহউদ্দিন বলেন, দুর্নীতিবাজ কর্মচারীরা এখন আরও চতুর। তারা দুর্নীতির নতুন কৌশল বের করে এবং বিলাসী জীবনযাপন করে, যা অনেককে হতাশ করে।
বর্তমান দুদক দুর্নীতিবাজদের মনে ভয়ের সঞ্চার করতে পেরেছে বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। তিনি দুদকের দৃশ্যমান ভূমিকার জন্য সংস্থাটিকে ধন্যবাদ জানান।
এমএস/