দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামায়াতে ইসলামীর সঙ্গে জোট আদর্শিক নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে দলটির প্রার্থী নাসীরুদ্দিন পাটওয়ারী। তিনি জানান, চাঁদাবাজি, দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এ জোট গঠন।
শহীদ হওয়ার ইচ্ছা নিয়ে ঢাকা-৮ আসনে নির্বাচন করছেন বলে জানান এনসিপির এ নেতা। অনেকে ভয় পেয়েছে, তাই তারা ঢাকা-৮ আসনে নির্বাচন করতে রাজি হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জামায়াতের নেতৃত্বে গঠিত জোটের সরকার গঠনের সক্ষমতা রয়েছে। চাঁদাবাজি, দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের জোট গঠন।’
হাদি হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, ‘এই আসনের মধ্যে ছাত্রদল নেতা সাম্যকেও হত্যা হয়েছে। এটা মৃত্যুর উপত্যকা। এখানে আমরা আর কোনো মৃত্যু চাই না।’
এই আসনকে নগরের সবচেয়ে সুন্দর ও পরিচ্ছন্ন করে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন এনসিপির এ নেতা।
পাটওয়ারী বলেন, ‘ঢাকা-৮ আসন অনেক চ্যালেঞ্জিং জায়গা। সবাই মনে করেছে আমি এটা হ্যান্ডেল করতে পারব, সে কারণে আমাকে পাঠিয়েছে। এখানে যে চ্যালেঞ্জগুলো আছে মোকাবিলা করতে পারব। এখানে ভারতীয় আধিপত্যবাদ ও ভারতের অনেকগুলো এলিমেন্ট অ্যাকটিভ রয়েছে।’
তিনি বলেন, ‘আমি শহীদ হওয়ার তামান্না নিয়ে এখানে এসেছি। আগেও বলেছি মৃত্যুকে ভয় পাই না। এখানে অনেকে ভয় পেয়েছে, তাই তারা আসতে রাজি হয়নি। আমি সর্বোপরি চ্যালেঞ্জ নিয়ে এখানে এসেছি। আমার কাছে বাংলাদেশ প্রথম। যদি কখনো শহীদ হয়ে যাই, মরে যাই; আপনাদের কাছে দাবি থাকবেন, বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবেন।’
এদিকে এ আসনে পাটওয়ারীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন আহমেদ। জুলাই বিপ্লবের অংশীজনদের ঐক্য ধরে রাখতে কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তে তিনি এই ছাড় দিয়েছেন।
এই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টির এই নেতা।
এর আগে, ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন করার জন্য এনসিপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এই আসনে নির্বাচন করার জন্য প্রচারণায় নেমেছিলেন সম্প্রতি দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারানো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।
এবি/