দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২০ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন আয়োজনে আমাদের কোনো সমস্যা হবে না। সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে।’
তিনি নির্বাচনের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের, বিশেষ করে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যথাযথ প্রক্রিয়া মেনে বডিওর্ন ক্যামেরা কেনা হবে, এ জন্য সরকার ৪০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তিনি আরও বলেন, গত তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারীদের এবার দায়িত্ব থেকে বিরত রাখা হবে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজসহ বেশ কিছু অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার সম্ভাবনা আছে কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, এসব ঘটনার তদন্তে একাধিক কমিটি কাজ করছে। তদন্ত প্রতিবেদন পেলে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আগামী ডিসেম্বরের মধ্যে বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতে ই-পাসপোর্ট সেবা চালু করা হবে। পাশাপাশি প্রবাসীদের জন্য পাসপোর্ট ফি কমানো ও বিমানবন্দর সেবার মান উন্নয়নের বিষয়টি সরকার বিবেচনা করছে।
এমএস/