দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১৮৪ জনের মৃত্যু হলো। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৯৩ জন।
রোববার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে একজনের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে। অন্যরা ২১ থেকে ৪৫ বছর বয়সী।
চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ১৮৪ জনের মধ্যে নারী ৫০ দশমিক ৮ শতাংশ এবং পুরুষ ৪৯ দশমিক ২ শতাংশ।
মাসভিত্তিক হিসাবে, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মার্চ ও এপ্রিলে কেউ মারা যাননি। মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। এরপর জুলাইয়ে ৩৬ ও আগস্টে ৪৩ জন মারা যান। চলতি সেপ্টেম্বরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৭ জনের। এ মাসে একদিনে সর্বোচ্চ নয়জনের মৃত্যু হয় ৮ সেপ্টেম্বর।
ঢাকা বিভাগের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ৫৩ জন, উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ২৩ জন এবং সিটি করপোরেশনের বাইরের এলাকায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনায় ৩৪, ময়মনসিংহ ও চট্টগ্রামে ১৮ জন করে, বরিশালে ১৪, রাজশাহীতে আট, রংপুরে চার এবং সিলেটে একজন মারা গেছেন।
এদিকে চলতি সেপ্টেম্বরে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ১২৬ জন। আগস্টে এ সংখ্যা ছিল ২০ হাজার ৫৩৬ জন। এর আগে জানুয়ারিতে এক হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে দুই হাজার ৯০৭ এবং জুলাইয়ে নয় হাজার ২০৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬১ হাজার ৯৭২ জন। তাদের মধ্যে ৫৭ হাজার ৬১০ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।
এমএস/