দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যদের বাংলাদেশের কাছে হস্তান্তর করাকে ভারতের সঙ্গে সম্পর্ক সহজ করার গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনাকে আমরা চাইছি। সেখানে ওবায়দুল কাদেরসহ অন্যদের চাইব না কেন? আমি ভারত সরকারের কাছে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সহজ করার জন্য এটা একটি গুরুত্বপূর্ণ শর্ত। আমরা আশা করি, ভারত সরকার তাদের হস্তান্তর করবে।’
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ করতে আসার প্রসঙ্গ টেনে তথ্য উপদেষ্টা বলেন, তার সঙ্গে আলোচনার বিষয়গুলোর মধ্যে এটিও ছিল। তিনি বলেন, ‘আমার জায়গা থেকে জানানোর চেষ্টা করেছি, শেখ হাসিনা ও অন্য আরও যারা আছেন, তাদের ব্যাপারে আমাদের অবস্থানটা এমন। বাংলাদেশের সঙ্গে ওয়ার্কিং এনগেজমেন্টের জন্য এগুলোর ব্যাপারে তাদের (ভারত) বিবেচনা করা উচিত।’
সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
এমএম/