দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত সব রাজ্যে বিতর্কিত অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) দ্রুত বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সরকারের এই উদ্যোগে দেশটির মুসলিম জনগোষ্ঠীর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ভারতে ১৪০ কোটি মানুষের জন্য ফৌজদারি আইন এক হলেও বিয়ে, বিবাহবিচ্ছেদ ও উত্তরাধিকারের মতো ব্যক্তিগত বিষয়গুলো বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সম্প্রদায়ের নিজস্ব রীতি ও আইনের ভিত্তিতে পরিচালিত হয়। এই বৈচিত্র্যময় ব্যবস্থার পরিবর্তে সবার জন্য একটি অভিন্ন দেওয়ানি আইন চালু করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের দীর্ঘদিনের রাজনৈতিক লক্ষ্য।
এরই মধ্যে ভারতের অন্তত চারটি রাজ্যে এই আইন চালু হয়েছে। রোববার অমিত শাহ বলেন, কয়েকটি রাজ্যে ইতোমধ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ২০২৯ সালের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট শাসিত ২১টি রাজ্যের সবকটিতেই এই আইন কার্যকর করা সম্ভব হবে।
অভিন্ন দেওয়ানি বিধি চালুর উদ্যোগ বিশেষ করে মুসলিম নাগরিকদের মধ্যে ধর্মীয় স্বাধীনতা ও নিজস্ব পারিবারিক রীতি অনুসরণের অধিকার নিয়ে শঙ্কা তৈরি করেছে।
তবে আইনের সমর্থকদের দাবি, ইউসিসি চালু হলে বহুবিবাহ প্রথা বন্ধ হবে, সম্পত্তিতে ছেলে ও মেয়েদের সমান অধিকার নিশ্চিত হবে এবং আদালতের মাধ্যমে বিবাহবিচ্ছেদ বাধ্যতামূলক হওয়ায় মুসলিম নারীদের অধিকার অন্য সম্প্রদায়ের নারীদের সমপর্যায়ে আসবে।
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত মূলত হিন্দু সংখ্যাগরিষ্ঠ। তবে দেশটিতে প্রায় ২২ কোটি মুসলিম বসবাস করেন। জনসংখ্যার হিসাবে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠী।
সুত্র-মিডল ইস্ট আই
এমএম/